Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজ্রপাতে উত্তরপাড়া, কোন্নগরে অকেজো শতাধিক সেটটপ বক্স

বৃষ্টি ও বজ্রপাতের জেরে জীবন বিপর্যস্ত হয়েছিল আগেই। জলমগ্ন হয়েছিল রাস্তাঘাট। জল ঢুকেছিল ঘরে। এবার তা আঘাত হানল বাসিন্দাদের অন্দরমহলে।

বজ্রপাতে উত্তরপাড়া, কোন্নগরে  অকেজো শতাধিক সেটটপ বক্স
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃষ্টি ও বজ্রপাতের জেরে জীবন বিপর্যস্ত হয়েছিল আগেই। জলমগ্ন হয়েছিল রাস্তাঘাট। জল ঢুকেছিল ঘরে। এবার তা আঘাত হানল বাসিন্দাদের অন্দরমহলে। লাগাতার বৃষ্টি ও কয়েক দফা বজ্রপাতের জেরে হুগলি জেলাজুড়ে বিপুল সংখ্যক সেটটপ বক্স নষ্ট হয়ে গিয়েছে। বজ্রপাতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির উত্তরপাড়া ও কোন্নগর এলাকা। উত্তরপাড়ার মাখলা সহ সংলগ্ন এলাকা, ভদ্রকালী, হিন্দমোটরে বহু বাড়িতে সেটটপ বক্স নষ্ট হয়েছে। কেবল অপারেটর সংগঠন সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার দু’দফায় বজ্রপাতের কবলে পড়েছে সেটটপ বক্স। রবিবার অনেকেই বক্স নষ্ট হওয়ার জেরে ভারত-পাকিস্তানের মেগাম্যাচ দেখতে পাননি। সংখ্যার প্রকৃত হিসেব না মিললেও উত্তরপাড়া ও কোন্নগর মিলিয়ে প্রায় শতাধিক সেটটপ বক্স নষ্ট হয়েছে বলে খবর।

Advertisement

বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকার বৈদ্যুতিন সামগ্রীও। হুগলির চন্দননগর থেকে উত্তরপাড়া, পাণ্ডুয়া থেকে কোন্নগরে টিভি, ফ্রিজ, এমনকী সিলিং ফ্যান নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ব্যাপক বৃষ্টি এবং বেহাল নিকাশি ব্যবস্থার কারণে হুগলি জেলার একাধিক শহরের জনজীবন সোমবারও বিপর্যস্ত ছিল। এদিন যেমন বৃষ্টি হয়েছে তেমনই শ্রীরামপুর, উত্তরপাড়া, চুঁচুড়া, কোন্নগর, চন্দননগর, বৈদ্যবাটিতে জমা জলের সমস্যায় ভোগান্তি হয়েছে। চুঁচুড়া স্টেশন রোডের একাধিক এলাকায় জলস্রোত বয়ে যেতে দেখা গিয়েছে। ব্যান্ডেল, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় রেলের আন্ডারপাস জল ও কাদায় নরকগুলজার হয়েছিল। যা নিয়ে নাগরিকদের তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে।
হুগলি জেলার কেবল অপারেটর সংগঠনের অন্যতম কর্মকর্তা চম্পক সমাদ্দার বলেন, বজ্রপাতের কারণে সেটটপ বক্স নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। মূলত, উত্তরপাড়ায় ব্যাপক ও কোন্নগরে তার আশিংক প্রভাব পড়েছে। হিন্দমোটর এলাকায় আমার নিজেরও কিছু সেটটপ বক্স নষ্ট হয়েছে। উত্তরপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিত চক্রবর্তী কেবল টিভি’র ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি বলেন, শুধু রবিবার নয়, শনিবারও বজ্রপাত হয়েছিল। সেই বজ্রপাতে আমার এলাকার অন্তত ২৫টি সেটটপ বক্স নষ্ট হয়েছে। উত্তরপাড়ার বড় এলাকাজুড়ে রবিবার বজ্রপাতের প্রভাব পড়েছে। চুঁচুড়ার ব্যবসায়ী নির্মল দাস বলেন, স্টেশন রোড এলাকায় একাধিক জায়গায় জল জমেছে। চুঁচুড়া, ব্যান্ডেলের আন্ডারপাস দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে উঠেছে।
প্রায় পুজোর মুখে লাগাতার বৃষ্টি ও বজ্রপাত সমস্যায় ফেলেছে ব্যবসায়ীদের। সোমবার দুপুরেও দাপটে বৃষ্টি হয়েছে। ফলে, চুঁচুড়া, শ্রীরামপুরে ব্যবসা মার খেয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ভয়াল চেহারায় ঘরে-বাইরে বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ