নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই মুহূর্তে বাঙালির মনে প্রশ্ন একটাই, দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে? কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই প্রশ্নের উত্তর দিয়েছে। এমাসের ২১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বটেই, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতার জন্যও—শহরে ২১ থেকে ৩০ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘২৩ তারিখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তাই ২২-২৩ তারিখ নাগাদ বৃষ্টির আশঙ্কা থাকছে। তারপর ২৬ তারিখে আরও একটি নিম্নচাপ হবে। ২৭ তারিখে ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই বৃষ্টির আশঙ্কা থাকছেই। যদিও পুরোটাই নিম্নচাপের গতিবিধির উপর নির্ভর করছে।’ ২৪ তারিখে আবহাওয়া দপ্তর ফের একটি বিবৃতি দিয়ে আরও নিখুঁতভাবে পূর্বাভাস জানাবে। অর্থাত্, পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে সঙ্গে ছাতা রাখতেই হবে। এদিকে, উত্তরবঙ্গেও পুজোর সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অন্যদিকে, পুজোর মুখে ৪৯ হাজার ৪৪১ কিউসেক জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। তাতে দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গালুডি থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই বিষয়ে সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, পুজোর মুখে এইভাবে জল ছাড়া একেবারে অমানবিক সিদ্ধান্ত। -ফাইল চিত্র