নিজস্ব প্রতিনিধি, মালদহ: আমার বিরুদ্ধে থানায় একশোটা অভিযোগ হোক, তারপর যা উত্তর দেওয়ার দেব। বামফ্রন্টের ডাকে মালদহে এসআইআর বিরোধী আন্দোলনে যোগ দিয়ে তাঁর পোস্ট-কাণ্ডে এমনই মন্তব্য করলেন প্রবীণ সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
গত বৃহস্পতিবার কলকাতায় বিকাশবাবুর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। ওই ঘটনার সঙ্গে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে দুষ্কৃতীদের আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরই কসবা, গড়ফা সহ একাধিক থানায় বিকাশরঞ্জনের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। এদিন মালদহে এনিয়ে প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেন, অভিযোগ হচ্ছে হোক। মুখ্যমন্ত্রী বলছেন, বলুন। এসবে ভয় পাই না। আমার বিরুদ্ধে যখন থানায় একশোটা অভিযোগ জমা পড়বে, তখন উত্তর দেব। আগে ওরা সেঞ্চুরি করুক, তারপর আমি বাউন্সার দেব। তাঁর তোপ, ওরা যত আমাকে আক্রমণ করবে, তত ওদের মুখোশ খুলে যাবে।
দুষ্কৃতীদের ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে তিনি যে কিছু ভুল করেননি, এদিন মালদহে ফের তা দাবি করেন বিকাশরঞ্জন। বলেন, ওই কথার পর আমাকে কেউ কেউ হিন্দু বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা অর্থাৎ বামেরা কোনো ধর্মের বিরোধী নই। তবে আমরা মৌলবাদের বিরোধী। তা সে যে ধর্মের হোক না কেন। কোনো ধর্ম মানুষের উপর অত্যাচার করতে শেখায় না। অথচ এখন সেটাই চলছে।
বিজেপি ও আরএসএসকে বিঁধে বিকাশরঞ্জন বলেন, এরাই দেশের আসল শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে পথে নামতে হবে। রাস্তার আন্দোলন জোরদার করতে হবে। বিজেপির মোকাবিলায় বামেরা যে পথ দেখাবে, বাকিদের সেই পথেই চলতে হবে বলে এদিন দাবি করেন তিনি। আরএসএসের স্কুল নিয়েও তোপ দাগেন বিকাশরঞ্জন।
এসআইআরের নামে মালদহে সাড়ে পাঁচ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি বামেদের। ডিলিট বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এদিন মালদহে সভা ও মিছিল করে বামেরা। সেখানে বিকাশরঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় ও সুভাষ নস্কর। মালদহ কলেজ অডিটোরিয়ামে সভা করার কথা থাকলেও শেষমুহূর্তে অনুমতি বাতিল হওয়ায় ইংলিশবাজার শহরে রথবাড়ি মোড়ে রাস্তার উপরেই সভা করে বামেরা। যদিও এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলার পুলিশ সুপার অনুপম সিং।
বিজেপিকে যাঁরা ভোট দিয়েছিলেন, বিশেষ করে গরিব মানুষ, তাঁরা চার মাসেই নিজেদের ভুল বুঝতে পারছেন বলে এদিন দাবি করেন বিকাশরঞ্জন। বলেন, যাঁরা ভুল বুঝতে পারছেন, তাঁদের বলব, নিজেদের ভুল সংশোধন করতে মাঠে নামুন। বিজেপি বিরোধী আন্দোলনে শামিল হোন।



