Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

থিমে আগ্রহ কম, সাবেকি-একচালা মূর্তিরই চাহিদা বেশি কুমোরটুলিতে

গতবছর পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী কুমোরটুলিতে প্রচুর থিমের দুর্গা মূর্তি তৈরি হয়েছে। কিন্তু এবছর সে ছবিটি গিয়েছে আচমকা পালটে।

থিমে আগ্রহ কম, সাবেকি-একচালা মূর্তিরই চাহিদা বেশি কুমোরটুলিতে
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছর পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী কুমোরটুলিতে প্রচুর থিমের দুর্গা মূর্তি তৈরি হয়েছে। কিন্তু এবছর সে ছবিটি গিয়েছে আচমকা পালটে। কুমোরটুলি সূত্রে জানা গিয়েছে, আগের বছর থিমের দুর্গার বায়না এসেছিল দেড়শোরও বেশি। এবার সে সংখ্যা নেমে হয়েছে মাত্র ২৫। এ বছর পটুয়াপাড়ায় একচালা ও সাবেকি দুর্গা মূর্তি তৈরি হচেছ অনেক বেশি পরিমাণে।

Advertisement

কুমোরটুলি সূত্রে জানা গিয়েছে, গতবছর একচালার প্রতিমার বরাত ছিল ১ হাজার ৮০০। এবার সে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দু’হাজারেরও উপর। গত বছর সাবেক ঢঙের প্রতিমার বায়না ছিল প্রায় সাড়ে ৪ হাজার। এবার তা লাফিয়ে হয়েছে ৫ হাজার দু’শো। কুমোরটুলি মৃৎশিল্পী সংঠনের কর্তাদের বক্তব্য, ‘এবার কুমোরটুলিজুড়ে একচালা ও সাবেকি প্রতিমার বায়না বেশি পেয়েছেন শিল্পীরা।’ সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘আমরা যেমন বরাত পেয়ে থাকি, সেই মতোই প্রতিমা তৈরি করি। এবার দেখছি থিমের ঠাকুরের প্রতি তেমন কোনো আগ্রই নেই।’ মৃৎশিল্পী রাজা পাল বলেন, ‘গতবছর থিমের ঠাকুরের বায়না পেয়েছিলাম চারটি। এবার একটিও পাইনি। সাবেকি প্রতিমা ৭টি এবং একচালার ১০টি তৈরির বায়না পেয়েছি এবার।’ শিল্পী সমর পাল বলেন, ‘এবার একচালার প্রতিমার বায়না পেয়েছি ৭টি। তার মধ্যে পাঁচটি হচ্ছে বাড়ির ঠাকুর। আর দু’টি সর্বজনীন পুজোর।’ শিল্পী চায়না পাল বলেন, ‘থিমের ঠাকুরের বায়না পাইনি। সাবেকি ও একচালার প্রতিমার বরাত ভালো পরিমাণ পেয়েছি।’
অন্যদিকে পটুয়াপাড়ার অধিকাংশ শিল্পী জানান, এবার একসময় পর্যন্ত মাটির সমস্যা ছিল তীব্র। ফলে এবার মরশুমের শুরুতে অনেক শিল্পীই বায়না নিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু পরবর্তীকালে মাটি জট কেটে যায়। তারপর শুরু হয় বায়না নেওয়া। ফলে এখন শেষমূহূর্তে প্রতিমা তৈরিতে প্রবল ব্যস্ত সবাই। এছাড়াও শিল্পীরা জানান, পুজো এসে গেল বলে। কিন্তু বৃষ্টির কারণে মূর্তি তৈরির কাজ ভালোরকম ব্যাহত হচ্ছে।                                                                                                                                   

Advertisement
সম্পর্কিত সংবাদ