Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএম পার্টি অফিসে আগুনকাণ্ডে বামেদের মিছিল, বিজেপি কার্যালয়ের সামনে উত্তেজনা

সোমবার রাতে সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল জলপাইগুড়ি শহর

সিপিএম পার্টি অফিসে আগুনকাণ্ডে বামেদের মিছিল, বিজেপি কার্যালয়ের সামনে উত্তেজনা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোমবার রাতে সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল জলপাইগুড়ি শহর। এদিন বামেরা প্রতিবাদ মিছিল করে। বিজেপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দেওয়ায় সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, সিপিএম নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। 

Advertisement

সোমবার জলপাইগুড়ি আইন কলেজ চত্বরে সংঘর্ষে জড়ায় এসএফআই এবং এবিভিপি। যার জেরে চাপা উত্তেজনা ছিলই। রাতে এসি কলেজের সামনে এবিভিপি সমর্থকরা বসেছিলেন। সেই সময় এসএফআইয়ের কর্মী-সমর্থকরা তাঁদের মারধর করে বলে অভিযোগ। একজনের মাথা ফাটে। এরপর রাত ১১টা নাগাদ সিপিএম পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। ঢিলও ছোড়া হয়। এমনকী পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাজনৈতিক হিংসার ঘটনায় রাতে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরে। 
এদিন সকালে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা অভিজিৎ পঞ্চাননের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবিভিপির কর্মীরা। তাঁর মেয়ে সঞ্চিতা পঞ্চানন আইন কলেজের ঘটনা নিয়ে থানায় অভিযোগ করায় ক্ষোভ প্রকাশ করে এবিভিপি। দ্রুত অভিযোগ তুলে নেওয়ার দাবিও জানানো হয়। উত্তপ্ত এই পরিস্থিতিতে মধ্যেই শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামেরা। পরে মিছিল হয়। অপ্রীতিকর ঘটনা রুখতে আগে থেকেই বিজেপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেখানে কোতোয়ালি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ছিল। বিজেপি পার্টি অফিসের সামনে বামেদের মিছিল আসতেই কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। স্লোগান দেন। যদিও পুলিশ থাকায় জল বেশিদূর গড়ায়নি। 
এদিকে, সোমবার রাতে সিপিএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনার কথা অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের জলপাইগুড়ির দায়িত্বে থাকা কার্যকর্তা বিনায়ক দাস বলেন, এসএফআইয়ের সমর্থকরা আমাদের কয়েকজন কর্মীকে মেরে জখম করেছেন। আমরা কারও পার্টি অফিসে অগ্নিসংযোগ করিনি। খবরের শিরনামে আসতে ওরা মিথ্যা অভিযোগ করছে। 
অন্যদিকে, সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, বিজেপির সঙ্গে মানুষ আর নেই। মানুষ আমাদের দিকে আসছে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে ওরা আমাদের পার্টি অফিসে আগুন দিয়েছে। মানুষ এসবের জবাব দিতে প্রস্তুত হচ্ছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ