নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বই নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বাম দলগুলি। তার মধ্যেই এসআইআর বাতিল সহ একাধিক দাবিতে আগামী ৫ নভেম্বর কলকাতায় পথে নামছে সব বামদল। রবিবার দিল্লিতে সমস্ত বিরোধী দলের বিশাল সমাবেশ দেখেছে দেশ। এবার বাংলায় বামদলগুলি রাসমণি অ্যাভিনিউয়ে ৩ ঘণ্টা ব্যাপী অবস্থান ও সভার ডাক দিল। প্রশ্ন উঠছে, দিল্লির মতো কি কলকাতাতেও এই ইস্যুতে বাম ও মমতা তৃণমূলকে এক আসনে দেখা যাবে? বাম নেতৃত্ব যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে।
বুক স্টল ভাঙার প্রতিবাদে গত শনিবার হাজার মানুষকে পথে নামতে দেখা গিয়েছে। রবিবার শহরের বিভিন্ন প্রান্তে সিপিএম ভ্রাম্যমাণ বই বিপণির আয়োজন করেছিল। এসআইআর ইস্যুতেও বামফ্রন্ট সহ সিপিআই (এমএল), এসইউসিআইয়ের মতো বাম দল একত্রে পথে নামার ডাক দিয়েছে। ৫ নভেম্বর বেলা আড়াইটে থেকে ৩ ঘণ্টার কেন্দ্রীয় অবস্থান ও সভার ডাক দেওয়া হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘সব বামদল মিলে আমরা এই কর্মসূচির ডাক দিয়েছি। সেখানে গণতন্ত্র প্রিয় ব্যক্তি, সংগঠনকে আহ্বান জানানো হবে।’ সেখানে কি তৃণমূল বা কংগ্রেসের উপস্থিতি দেখা যাবে? সেলিম জোর দিয়ে বলেন, ‘আমরা বামদলগুলি মিলে এই কর্মসূচি নিয়েছি।’
এদিন দিল্লির রামলীলা ময়দানে এই একই ইস্যুতে মঞ্চে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে দেখা গিয়েছে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। তবে কি বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামেদের এক মঞ্চে দেখা যাবে? রামলীলা ময়দানের মঞ্চ থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘না। দেশে বিজেপির বিরুদ্ধে সকলকে লড়তে হবে। পশ্চিমবঙ্গে সেই গল্প নেই। আগের নির্বাচনে দেখা গিয়েছে, যেখানে তৃণমূল নেই, সেখানে তারা ইন্ডিয়া শিবিরের সঙ্গে ছিল। পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে ছিল না।



