জেরুজালেম, ২৭ জানুয়ারি: সময়সীমা না মেনেই দক্ষিণ লেবাননে হামলা চালাল ইজরায়েল। মৃত্যু হল ২২ জনের। জখম আরও ১২৪ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। সূত্রের খবর, নিহতদের মধ্যে একাধিক মহিলা এবং শিশুও রয়েছে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার লেবাননের কয়েক হাজার বাসিন্দা সীমান্তবর্তী লেবানিজ গ্রামগুলিতে ফিরছিলেন। ওই এলাকাগুলি এখনও ইজরায়েলি সেনাবাহিনীর দখলেই রয়েছে। লেবাননের লোকেরা সেখানে ঢুকতে গেলেই ইজরায়েলি সেনা প্রথমে তাদের বাধা দেয় এবং পরে গুলি চালায় বলে অভিযোগ। হিজবুল্লা-ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল। অন্যদিকে, সেনা প্রত্যাহারের সময়সীমা না মানার পক্ষে ইজরায়েলের যুক্তি দিয়েছে, গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু সেগুলি হিজবুল্লার পক্ষ থেকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা হয়নি। পাশাপাশি লেবাননে এখনও হিজবুল্লার ঠিক কতজন সদস্য রয়েছে সেটিও স্পষ্ট করে জানানো হয়নি। সেজন্য এখনই তারা সেনা প্রত্যাহার করতে পারেনি। অপরদিকে, গুলি চালানোর পক্ষে ইজরায়েল যুক্তি দিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা করা হয়েছে।



