Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুর গ্রামীণ হাসপাতাল হবে এবার স্টেট জেনারেল

লাভপুর গ্রামীণ হাসপাতাল হবে এবার স্টেট জেনারেল
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: লাভপুর গ্রামীণ হাসপাতাল রূপান্তরিত হতে চলেছে স্টেট জেনারেল হাসপাতালে। তাতে থাকবে অত্যাধুনিক ১০০টি শয্যা। সেই বিষয়ে শুক্রবার হাসপাতাল চত্বরেই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। মূলত লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এই ব্লকে ১০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক পরিষেবা প্রদানকারী হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো আগামী বছরের মধ্যেই সূচনা হয়ে যাবে হাসপাতালের। এদিন বৈঠকের পাশাপাশি হাসপাতাল তৈরির জন্য জমি পরিদর্শন করেন বীরভূম স্বাস্থ্যদপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা। আগামীতে লাভপুর ব্লকের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা পেতে আর অসুবিধা হবে না। সে কারণেই ব্লকের বাসিন্দারা এই উদ্যোগে অত্যন্ত খুশি। 
Advertisement
বীরভূমের লাভপুর ব্লকে রয়েছে ২৫ শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল। কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক ক্ষোভ রয়েছে বাসিন্দাদের। শুধু লাভপুর ব্লক নয়, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা থেকেও অনেকেই চিকিৎসার জন্য এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল। কিন্তু সেখানে অস্ত্রোপচার সহ জটিল রোগের চিকিৎসা বা প্রসূতিদের সিজার করার ক্ষেত্রে সঠিক পরিকাঠামো নেই। তার ফলে এই সমস্ত এলাকার মানুষদের চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। কিন্তু লাভপুর ব্লক থেকে মহকুমা হাসপাতালের দূরত্ব প্রায় ৩০-৪০ কিমি। সেই কারণেই মুমূর্ষু রোগীদের ও রাতে জরুরি চিকিৎসায় চরম ভোগান্তির শিকার হতে হয় লাভপুর ব্লকের বাসিন্দাদের। সেই অসুবিধা দূর করতে এবার পদক্ষেপ গ্রহণ করল বীরভূম স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যেই সেই বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার গ্রামীণ হাসপাতাল চত্বরে স্বাস্থ্যদপ্তর ও ব্লক প্রশাসনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি অরি, ব্লক স্বাস্থ্য আধিকারিক, লাভপুর বিডিও সহ অন্যান্যরা। নতুন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জমি এদিন পরিদর্শন করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতি দ্রুত হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। 
লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, এই এলাকার মানুষদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে নতুন হাসপাতাল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই হাসপাতালের পথ চলা শুরু হবে।
সম্পর্কিত সংবাদ