Bartaman Logo
২৭ মে, ২০২৬

লিভ-ইন সম্পর্কে পুলিসি নিরাপত্তার আর্জি নাকচ কোর্টে

লিভ-ইন সম্পর্কে পুলিসি নিরাপত্তার আর্জি নাকচ কোর্টে
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: লিভ-ইন করতে চাইলে পুলিসি নিরাপত্তার আশা করবেন না। বুধবার ভিনধর্মী দুই যুগলকে এই ভাষাতেই সতর্ক করল বম্বে হাইকোর্ট। ১৯ বছরের এক তরুণী তাঁর ২০ বছরের প্রেমিকের সঙ্গে থাকবেন বলে বাড়ি ছেড়ে বার হয়ে আসেন। কিন্তু মেয়েটির বাড়ির অভিযোগের ভিত্তিতে তাঁদের এক সঙ্গে থাকা সম্ভব হয়নি। তরুণীর স্থান হয়েছে সরকারি হোমে। তাঁকে সরকারি হোম থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর প্রেমিক। পাশাপাশি তাঁদের একত্রবাসের সময় বাড়ির বাইরে পুলিসি নিরাপত্তারও আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুশা দেশপান্ডের বেঞ্চ জানিয়েছে, যুগল একসঙ্গে থাকতে চাইলেই তাদের পুলিসি নিরাপত্তা দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আবেদনে প্রেমিক আরও দাবি করেন, বজরঙ্গ দল এবং একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের চাপে পড়ে তরুণীর পরিবার তাকে অন্যত্র রাখার দাবি করেছে। তাঁকে থানায় নিয়ে গিয়ে তাদের সম্পর্ক ভেঙে ফেলারও চাপ দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ