নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গাড়ি পার্কিং নিয়ে সমস্যা ক্রমশ তীব্র হচ্ছে বারাকপুর কোর্ট চত্বরে। সেখানে গাড়ি রাখার কোন পার্কিং লট নেই। কারণ নতুন কোর্ট ভবনের পার্কিং লটে বসছেন আইনজীবীরাই। তাঁদের সংখ্যা প্রায় তিন হাজার। বসার জায়গার অভাবের জন্য পার্কিং লট হয়ে গিয়েছে আইনজীবীদের সেরেস্তা। ফলে পার্কিং লটে না থেকে গাড়ি থাকছে রাস্তায়। তা মোটরবাইক হোক বা চার চাকার গাড়ি। ব্যস্ত এস এন ব্যানার্জি রোডের উপর রেখে দিতে হচ্ছে সব ধরনের গাড়ি। কারণ এসডিও অফিসের সামনে গাড়ি রাখলে পার্কিং ফি নিচ্ছে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। বাইক ঘণ্টায় দশ টাকা, আর চারচাকা ঘণ্টায় কুড়ি টাকা।
সব মিলিয়ে চিড়িয়ামোড়ের কাছে অত্যন্ত ব্যস্ত এই জায়গা বাইক-গাড়িতে তালগোল পাকিয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে বারাকপুরের পুলিস কমিশনার মুরলীধর শর্মা সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। বিকল্প কী করা যায়, এর জন্য ট্রাফিক বিভাগকে পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন তিনি।
বারাকপুর মহকুমা কোর্টে বর্তমানে ১৫টি আদালত রয়েছে। সেখানে সারাদিনে ছোট-বড় অসংখ্য মামলা হয়। হাজার তিনেক আইনজীবী যেমন আছেন, তেমনই রয়েছে আদালতের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত অনেক মানুষ। মামলার প্রয়োজনে হাজির হচ্ছে আরও কয়েক হাজার মানুষ। যাঁরা নিজেদের গাড়ি বা বাইকে করে আসছেন, কোনও নির্দিষ্ট পার্কিং লট না থাকার জন্য তাঁরা রাস্তাতেই গাড়ি রাখছেন। এছাড়া আইনজীবীদেরও রয়েছে দুই ও চার চাকার গাড়ি। সবই দিনভর রাস্তার উপর পড়ে থাকে। এই গাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়েছে ট্রাফিক পুলিস। ব্যস্ত রাস্তায় সারি দিয়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকায় রাস্তাও সরু হয়ে গিয়েছে। দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। বাস চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমত অবস্থায় বারাকপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এসডিও অফিসের ভিতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে। কিন্তু মহকুমা শাসকের দপ্তরে আরটিও অফিস থাকায় সেখানেও পার্কিং লট করার ক্ষেত্রে সমস্যা রয়েছে।