লখনউ, ৯ অক্টোবর: রাতের অন্ধকারে একটি ডেয়ারিতে হানা দিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ সন্দেহজনক ভেজাল খাদ্যসামগ্রী। উত্তরপ্রদেশের এটায় একটি ডেয়ারিতে আচমকা অভিযান চালিয়ে প্রায় ১০ কুইন্টাল পনির-সহ ঘি, ক্রিম এবং একাধিক খাদ্য উপকরণ বাজেয়াপ্ত করল খাদ্য সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার গভীর রাতে নিধৌলি রোডের একটি ডেয়ারিতে এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রের খবর, জেলায় বিপুল পরিমাণ ভেজাল পনির, খোয়া এবং দেশি ঘি বিক্রি করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে লখনউ থেকে আসা দপ্তরের বিশেষ দল এবং জেলা খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা যৌথভাবে ডেয়ারিতে তল্লাশি চালান। অভিযানে প্রায় ১০ কুইন্টাল পনির, এক কুইন্টাল ঘি, ৪০ কেজি ক্রিম এবং আট কুইন্টাল সয়াবিন উদ্ধার করা হয়। পাশাপাশি মজুত ছিল স্কিমড মিল্ক পাউডার, সয়াবিন তেল, রিফাইন্ড তেল এবং পাম তেলের মতো একাধিক উপকরণ। উদ্ধার হওয়া সামগ্রীতে ভেজাল মেশানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
তবে পরীক্ষার রিপোর্ট আসার আগেই বাজেয়াপ্ত সামগ্রী নষ্ট করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আধিকারিকরা জানান, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে সমস্ত বাজেয়াপ্ত সামগ্রী পুঁতে দেওয়া হয়। এই ঘটনায় ডেয়ারির ম্যানেজার সহ আরো দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। কোতোয়ালি দেহাত থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। সহকারী খাদ্য কমিশনার বিজয় বর্মা জানিয়েছেন, পরীক্ষাগারের রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। রিপোর্টে খাদ্যে ভেজালের প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।



