আইআইটি বম্বে ক্যাম্পাসের হস্টেলে গ্যাস লিক থেকে আগুন, আহত ৫
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৯:২৩
Prefer us on Google

মুম্বই, ৯ অক্টোবর: আইআইটি বম্বের ক্যাম্পাসে একটি হস্টেলে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লাগার ঘটনা ঘটল। গতকাল রাতের এই ঘটনায় দুই শিশু-সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই শিশুর বয়স ১২ ও ৯ বছর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে মুম্বইয়ের পোওয়াইয়ে আইআইটি বম্বে ক্যাম্পাসের হস্টেল নম্বর ৬-এ আগুনটি লাগে। গ্যাস সিলিন্ডারের পাইপে লিক থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও বিএমসির ওয়ার্ড কর্মীরা। তাঁদের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন আন্স আহিরওয়ার (১২), তাহজিব আলম (৯), ঈশ্বর সিং (৩৭), শিবকুমার সিং (৩৪) এবং অনিলকুমার যাদব (২৩) ।  প্রথমে আহতদের ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁদের মধ্যে চার জনকে স্থানান্তরিত করা হয় কস্তুরবা হাসপাতালে। বর্তমানে পাঁচ জনেরই অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কীভাবে গ্যাস সিলিন্ডারের পাইপে লিক হল এবং তার জেরে আগুন ছড়াল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।