Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত মোহন সিং

সাতের দশকে শিল্পী ফুটবলার ছিলেন মোহন সিং। ময়দানে কান পাতলে আজও শোনা যায়, এমন গ্রেসফুল ফুটবলার কমই এসেছেন। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিলেন সেই মোহন সিং (৭৮)।

প্রয়াত মোহন সিং
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতের দশকে শিল্পী ফুটবলার ছিলেন মোহন সিং। ময়দানে কান পাতলে আজও শোনা যায়, এমন গ্রেসফুল ফুটবলার কমই এসেছেন। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিলেন সেই মোহন সিং (৭৮)। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ময়দানে। হাসপাতালে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। সমবেদনা জানান মোহন বাগান প্রতিনিধি। প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের স্মৃতিচারণ,‘বল নিয়ে রাজার মতো এগিয়ে যেত।  অনবদ্য ড্রিবলিং, পাসিং। এককথায় আদর্শ লিঙ্কম্যান মোহন। পাশাপাশি বড় মনের মানুষও। ওর মত জেন্টলম্যান খুব কম দেখেছি।’

Advertisement

ফুটবলে আসার আগে ক্রিকেট খেলতেন মোহন সিং। ১৯৬৪ সালে স্কুল ক্রিকেটে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন। তারপর ফুটবলের আঙিনায় পা রাখা। ১৯৬৭ সালে এরিয়ানে সই করেছিলেন মোহন। নজর কাড়ার পর পরের মরশুমেই সই করেন বিএনআরে। ১৯৭২ সালে লাল-হলুদের ত্রিমুকুট জয়ের অন্যতম সৈনিক ছিলেন তিনি। গোটা মরশুমে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন মোহন। তাঁর পারফরম্যান্সে খুশি হয়ে সোফা সেট ও সোনার আংটি উপহার দিয়েছিলেন তৎকালীন ফুটবল সচিব অজয় শ্রীমানি। এরপর লাল-হলুদ জার্সিতে অন্যতম সেরা মরশুম কাটিয়ে মোহন বাগানে যোগ দিয়েছিলেন মোহন। ১৯৭৩ সালে লিগের বড় ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ১-২ গোলে হার মানে মোহন বাগান। সেই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের একমাত্র গোলটি ছিল মোহন সিংয়ের। শোনা যায়, জন্ডিসের কারণেও ক্ষতিগ্রস্ত হয় কেরিয়ার। এরপর ১৯৭৫ সালে ইস্ট বেঙ্গলে ফিরে এলেও দাগ কাটতে পারেননি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ