Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত মিঠু মুখোপাধ্যায়

বাঙালি হৃদয়ে চিরকালীন ‘স্বয়ংসিদ্ধা’র জীবনাবসান। প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠু।

প্রয়াত মিঠু মুখোপাধ্যায়
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাঙালি হৃদয়ে চিরকালীন ‘স্বয়ংসিদ্ধা’র জীবনাবসান। প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠু। ক্যানসার আক্রান্ত অভিনেত্রী গত কয়েক বছর ধরে থাকছিলেন মুম্বইতেই। 

Advertisement

দীনেন গুপ্তর ‘মর্জিনা আবদাল্লা’র ‘মর্জিনা’ হিসাবে পাকাপাাকিভাবে দর্শক হৃদয়ে ঠাঁই পেয়েছিলেন তিনি। ‘মার ঝাড়ু মার’ গানে তাঁর খুনসুটি, ‘হায় হায় প্রাণ যায়’-এ লাস্য আর ‘বাজে গো বীণা’র নাচ— আজও বাঙালি ভুলতে পারেননি। তবে কেরিয়ারের শুরুটা এই ছবি মুক্তির দু’বছর আগে। ১৯৭১ সাল। চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির হাত ধরে ডেবিউ। সেই ছবি তেমন সাড়া না ফেললেও ভাগ্য প্রসন্ন হল ১৯৭৩-এর ‘মর্জিনা আবদাল্লা’তে। এরপরের বছরই মুক্তি পেল অরবিন্দ মুখোপাধ্যায়ের সুপারহিট ছবি ‘মৌচাক’। উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের পাশাপাশি নজর কাড়লেন মিঠু। তাঁর ও রঞ্জিৎ মল্লিকের জুটির রসায়নে বুঁদ হলেন আপামর দর্শক। ‘বেশ করেছি, প্রেম করেছি’, ‘পাগলা গারদ কোথায় আছে’— গানগুলি এখনও দর্শকের মুখে মুখে ফেরে। রঞ্জিৎ মল্লিকের সঙ্গে তাঁর জুটি অন্যমাত্রা পেল ‘স্বয়ংসিদ্ধা’তে। সহ অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রঞ্জিৎ সোমবার সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমার থেকে বয়সে অনেক ছোটো। এমন একটি খবর প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মর্মান্তিক!’ উল্কার গতি পেয়েছিল মিঠুর কেরিয়ার। ‘নিশিকন্যা’, ‘কবি’র মতো ছবিতে অভিনয় করেছেন। জুটি বেঁধেছিলেন উত্তমকুমারের সঙ্গেও। সৌজন্যে ‘হোটেল স্নো ফক্স’, ‘চাঁদের কাছাকাছি’। ‘নিশিকন্যা’, ‘প্রতিমা’ ছবিতে কাজ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই সময়ই পাড়ি দেন মুম্বইতে। ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ তাঁর প্রথম হিন্দি সিনেমা। বিপরীতে শত্রুঘ্ন সিনহা। এরপর বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেন। তাঁর অভিনয় দেখা গিয়েছে ওড়িয়া ছবিতেও। তাঁর প্রযোজনায় ও অভিনয়ে ১৯৯০ সালে মুক্তি পায় ‘আশ্রিতা’। সাড়া ফেলেছিল সেই সিনেমা। তারপর আর রূপালি পর্দায় দেখা মেলেনি মিঠুর।

Advertisement
সম্পর্কিত সংবাদ