নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ১৫ আগস্ট থেকে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১৭ আগস্ট ভেন্টিলেশনেও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। আজ, সোমবার বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল- ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’ ইত্যাদি। শুধুই অভিনয় নয়, রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েছিলেন। এমনকী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। যদিও শতাব্দীর কাছে হারতে হয় তাঁকে। ২০২১ সালে বিজেপি ছেড়ে দেন জয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।