নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বছরেরও বেশি সময় চলার পর বন্ধ হচ্ছে মেট্রোর নাইট স্পেশাল সার্ভিস। আজ বুধবার থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে পাওয়া যাবে না রাত ১০টা ৪০ মিনিটের মেট্রো পরিষেবা। মঙ্গলবার একথা জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরির কাজে হাত লাগানো হবে বলেই রাতের পরিষেবা বন্ধ করে দেওয়া হল। উল্লেখ্য, একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নাইট সার্ভিস চালু করেছিল মেট্রো।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা বন্ধ থাকার কারণেও মেট্রো চালাতে কিছু সমস্যা হচ্ছে। তাই পরীক্ষামূলকভাবে যে রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল, সেটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর ২৪ জুন কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে রাত্রিকালীন পরিষেবা চালু করতে হয়। প্রথমে এই লাইনে আপ ও ডাউনে রাত ১১টার মেট্রো চালু করা হয়েছিল। কিন্তু, অত রাতে তেমন যাত্রী না হওয়ায় লোকসানের মুখে পড়ে মেট্রো টাইমিং বদল করে। ১০টা ৪০ মিনিটে রাতের মেট্রো চালু হয়।
সেভাবে যাত্রীও হচ্ছিল না। এ সবের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা তৈরি হয়। তা বন্ধ হয়ে যায়। সংস্কারের কাজ হবে। কবি সুভাষ পর্যন্ত মেট্রো না যাওয়ায় বর্তমানে এই রুটে মেট্রো চালাতে কার্যত কাঠখড় পোড়াতে হচ্ছে মেট্রোকে। কারণ, শহিদ ক্ষুদিরামে মেট্রো রেক ঘোরানোর ব্যবস্থা না থাকায় খালি মেট্রো রেক আরও কিছুটা দূরে নিয়ে গিয়ে ঘোরাতে হচ্ছে। যার জেরে টাইমে মেট্রো চালাতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদিরামে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরি করাই মেট্রো কর্তাদের কাছে প্রাথমিক চ্যালেঞ্জ। সেই কাজ করতে গেলে রাতের মেট্রো বন্ধ রাখা দরকার। তবে, নাইট সার্ভিস বন্ধ রাখার বিষয়টিও ফের আদালতে গড়াতে পারে বলে আশঙ্কা মেট্রো কর্তৃপক্ষের। তাই, যেদিন থেকে এই রাত্রিকালীন পরিষেবা চালু হয়েছিল, সেদিন থেকে এখনও পর্যন্ত কত যাত্রী রাতের মেট্রো চড়েছেন, তার হিসেব সংগ্রহ করছেন মেট্রো কর্তারা। যাতে প্রয়োজনে আদালতে হলফনামা দিয়ে আত্মপক্ষ সমর্থনে সওয়াল করা যায়। গড়িয়ার বাসিন্দা স্বপন মাঝি জানান, অফিস করে নাইট স্পেশালে বাড়ি ফিরতে সুবিধা হচ্ছিল। ফের বিকল্প রাস্তা ধরতে হবে।