ঢাকা: বাইরে বড় বড় করে কোচিং সেন্টারের বোর্ড লাগানো। কিন্তু ইংরেজির কোচিং দেওয়ার আড়ালেই কি গড়ে উঠেছিল জঙ্গি ঘাঁটি? শনিবার বাংলাদেশের রাজশাহী শহরের ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র, কার্তুজ, বিস্ফোরক এবং বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল সেনা, র্যাব ও পুলিসের যৌথবাহিনী। ওই কোচিং সেন্টারের অন্যতম মালিক তথা শিক্ষক মুনতাসিরুল আলম অনিন্দ্য সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত অনিন্দ্য বিএনপির প্রাক্তন মহানগর সহ সভাপতির ছেলে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, দেশি ও বিদেশি ছুরি। এছাড়া উন্নতমানের ওয়াকিটকি, জিপিএস সেট, প্রচুর সিমকার্ড, নগদ টাকা,কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখজনক বিষয় হল, ঢাকার হোলি আর্টিজান বেকারি হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি’ সন্দেহে অনিন্দ্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষককে খুনের মামলাতেও তাঁকে গ্রেপ্তার করা হয়। আরও অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে এই সন্দেহে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরেও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। যদিও সেখান থেকে কিছু পাওয়া যায়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। ভোট ভেস্তে দিতে ওই অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস।



