Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধসের আশঙ্কা, পুকুর পাড়ে গার্ডওয়ালের দাবি

ধসের আশঙ্কা, পুকুর পাড়ে গার্ডওয়ালের দাবি
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: বাঁশের খুঁটি দিয়ে আটকানো হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা। যে কোনও সময় সেই রাস্তা পুকুরে ধসে পড়তে বলে আশঙ্কা। তবুও বিপজ্জনকভাবে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। রাস্তার ধারে ২০ টি বসতবাড়ির লোকজন পড়েছেন মহা চিন্তায়। অবিলম্বে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণের দাবি জোরালো হয়েছে। চাঁচল ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অরবরা গ্রামে পুকুরের জল শুকিয়েছে। তারপরেই কংক্রিটের রাস্তার নীচে থাকা মাটি ধসে পুকুরে পড়ছে। বাসিন্দারা ধস আটকাতে বাঁশের খুঁটি ব্যবহার করেছেন। তবুও রাস্তা ভেঙে পুকুরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে নির্মাণ শুরু করেছেন ফাইজুন বেওয়া। তিনি বলেন, যেভাবে পুকুর পাড়ে রাস্তায় ধস নামছে, মনে হচ্ছে আমার বাড়িও তলিয়ে যাবে। খুব দুশ্চিন্তায় পড়েছি। অবিলম্বে গার্ডওয়াল নির্মাণ না করা হলে সমূহ বিপদ। আরেক বাসিন্দা মাবুদ মণ্ডলের কথায়, বাঁশ দিয়ে আটকানো হয়েছে রাস্তা। কিন্তু ভেঙে পড়লে চলাচল বন্ধ হবে। দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এখানে গার্ডওয়াল নির্মাণ করা খুব জরুরি। এপ্রসঙ্গে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মৌসুমী খাতুন বলেন, ওই পুকুর পাড়ে বাঁশ ও টিন দিয়ে কাজ করা হবে। তার জন্য পঞ্চায়েতে প্রস্তাব দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পক্ষে গার্ডওয়াল করা অসম্ভব। স্থানীয় জেলা পরিষদ সদস্য বন্দনা রানি ঘোষের কথায়, জেলা পরিষদের তহবিল থেকে ওই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এলাকার বাসিন্দা বা জনপ্রতিনিধিরা কেউ গার্ডওয়াল নির্মাণের দাবি আমাকে জানাননি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ