নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি বিবাদ নিয়ে বিজেপি নেতাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল সিপিএমের এক নেতার বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙার বোদাই পঞ্চায়েতের মাধবপুর এলাকায়। আক্রান্ত বিজেপি নেতা রাকেশ সামন্ত। তিনি এখন কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সিপিএম নেতা প্রসেনজিৎ সামন্তের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধবপুর এলাকায় একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। একাধিকবার প্রশাসনের উদ্যোগে বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। অভিযোগ, সেই বিবাদের জেরেই এদিন রাকেশ সামন্তকে একা পেয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকে প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপি নেতা সৌভিক পাল জানান, রাকেশ আরএসএসের দীর্ঘদিনের সদস্য এবং বোদাই পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে পুলিশকে। যদিও এ নিয়ে প্রসেনজিতের প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান। তাঁর দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সমস্যা। বিজেপি এখন যে কোনো বিষয়ে সিপিএমকে জড়িয়ে দিচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।



