সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের চরনাজোতে প্রায় ৪৪ কাঠা সরকারি জমি দখলমুক্ত করে বোর্ড লাগিয়ে দিল প্রশাসন। উল্লেখ্য, চরনাজোতের ডাঙারভিটা মৌজার ৮৬ নম্বর দাগের প্রায় ৪৪ কাঠা সরকারি জমি দখল হয়ে গিয়েছিল। সেখানে কংক্রিটের সীমানা প্রাচীর বানিয়ে একটি ঘরও করা হয়েছিল। সম্প্রতি ভূমিদপ্তরের কাছে এনিয়ে অভিযোগ হতেই নড়েচড়ে বসে প্রশাসন।
এদিন ভূমিদপ্তর পুলিস নিয়ে গিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির নাম উঠে এসেছে। ভূমিদপ্তর ওই ব্যক্তির বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগও দায়ের করছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ বলেন, সরকারি জমিতে অবৈধ নির্মাণ করা হয়েছিল। সেটি আর্থমুভার এনে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়েছে।
যদিও এনিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক টিনা ডুকপা বলেন, পুরো বিষয়টি মহকুমা শাসকের তত্ত্বাবধানে হয়েছে। এজন্য এ নিয়ে আমি কিছু বলতে পারব না। শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিংহল বলেন, সেখানে ৪৪ কাঠা সরকারি জমি ছিল। সমস্ত সরকারি পদ্ধতি মেনে তা আমরা দখলমুক্ত করেছি। পাশাপাশি ভূমিদপ্তর খড়িবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিস আইনত ব্যবস্থা নেবে।
স্থানীয় সূত্রে খবর, সরকারি জমিতে যে ব্যক্তি অবৈধ নির্মাণ করেছে তার স্ত্রী জেলায় মাদকের কুখ্যাত কারবারি। আগে বেশ কয়েকবার মাদকের মামলায় ওই দম্পতি ধরা পড়েছে। যদিও অভিযুক্ত পলাতক। ওয়াকিবহাল মহলের মতে, পুলিস মাদকের ব্যবসা বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে অভিযুক্তের দখল সম্পত্তির হদিশ মেলাতেই এমন অভিযান।