পাটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন। সদ্যই সরকারি নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টা নিয়ে জাতীয় স্তরেও চর্চা হয়েছে। বিশেষ করে সরকারি নিরাপত্তা সরে যাওয়ায় যেভাবে লালু-রাবড়ির সমর্থকরা লাঠি হাতে বাড়ি পাহারার জন্য এগিয়ে আসে, তা প্রচারের আলো কেড়ে নেয় সহজেই। তবে ঘটনার দিন অর্থাৎ যেদিন থেকে লালু-রাবড়ির জেড প্লাস নিরাপত্তা সরেছে সেইসময় সিঙ্গাপুরে ছিলেন লালু। ফিরে এসেই তীব্র ক্ষোভ উগরে দিলেন। তাঁর অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লালুর কথায়, নীতীশের নির্দেশেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নীতীশকে দুষেছেন লালু। এবার নিরাপত্তা প্রত্যাহারের মতো সরকারি সিদ্ধান্তের নেপথ্যেও নীতীশের হাত রয়েছে বলেই তোপ দাগলেন।



