Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলবন্দি জঙ্গিদের সাক্ষাৎপ্রার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ লালবাজারের

জেলবন্দি জঙ্গিদের সাক্ষাৎপ্রার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ লালবাজারের
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জেলবন্দি জঙ্গিদের সঙ্গে কারা দেখা করতে আসছে, তা নিয়ে খোঁজখবর করতে থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার। জেলের ভিজিটার বুক পরীক্ষার কথা বলা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের পরিচয় জানতে হবে অফিসারদের। তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখতে হবে। এছাড়াও জঙ্গি সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, অথচ জামিনে রয়েছে, তাদের কার্যকলাপ ও গতিবিধির উপরও নজর দিতে বলেছে লালবাজার। যাতে পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন তলায় তলায় কাজ করলে তাদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। পুলিসের কর্তারা মনে করছেন, এই সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বসে যাওয়া সদস্যদের সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাশ্মীরি হস্তশিল্পী ও ব্যবসায়ীদের গতিবিধির উপর খোঁজ চালাতে বলা হয়েছে জানা যাচ্ছে। পহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, বিভিন্ন রাজ্যে নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ স্থানগুলির সুরক্ষা আরও জোরদার করতে হবে। একইসঙ্গে যে সমস্ত দর্শনীয় স্থানে প্রচুর মানুষ জমায়েত হন, সেখানে বাড়তি নিরাপত্তা রক্ষী রাখতে হবে। পাশাপাশি সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরজারি নির্দেশ এসেছে। লালবাজারের জারি করা নির্দেশিকায় একই প্রসঙ্গের উল্লেখ রয়েছে। এর আগেও বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারিদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগ মিলেছে। দেখা গিয়েছে, তাদের মাধ্যমেই আগ্নেয়াস্ত্র পৌঁছেছে স্লিপার সেলের সদস্যদের কাছে। ওই অস্ত্র কারবারিরা কেউ জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে কি না, তথ্য জোগাড় করতে নির্দেশ দিয়েছে লালবাজার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ