Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল শুরু ও ছুটির সময় সড়ক নিরাপত্তায় জোর লালবাজারের

শনিবার স্কুল থেকে ফেরার সময় শহরের দুই প্রান্তে দু’টি দুর্ঘটনা ঘটে। তার জেরে ঠাকুরপুকুর ও পার্ক স্ট্রিট থানা এলাকায় জখম হয় দু’জন ছাত্রী।

স্কুল শুরু ও ছুটির সময় সড়ক নিরাপত্তায় জোর লালবাজারের
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার স্কুল থেকে ফেরার সময় শহরের দুই প্রান্তে দু’টি দুর্ঘটনা ঘটে। তার জেরে ঠাকুরপুকুর ও পার্ক স্ট্রিট থানা এলাকায় জখম হয় দু’জন ছাত্রী। এরপরেই কলকাতায় স্কুলপড়ুয়াদের নিরাপত্তায় ট্রাফিক গার্ডগুলিকে কড়া নির্দেশ পাঠাল লালবাজার। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সাফ নির্দেশ, স্কুল শুরু ও ছুটির সময়ে শহরের রাস্তায় নিরাপত্তা ব্যবস্থায় যে কোনও খামতি না থাকে। সব স্কুলের সামনে স্থানীয় ট্রাফিক গার্ডের ফোর্স মজুত রাখতে হবে। একইসঙ্গে, সেই সময়ে স্কুলের সামনে যানবাহনের গতিও নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার দুপুর ২টো নাগাদ ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ডহারবার রোড ও পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এজেসি বোস রোডে দু’টি পৃথক দুর্ঘটনা ঘটে। দু’টি ক্ষেত্রেই ‘কাঠগড়ায়’ বেপরোয়া যানবাহন। ডায়মন্ডহারবার রোড ও বুড়োশিবতলার সংযোগস্থলে বেপরোয়া বাসের ধাক্কায় জখম হয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। অন্যদিকে, পার্ক স্ট্রিটে বিপজ্জনক গতিতে আসা এক বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় তালতলা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। শনিবার বিকালে দু’টি ঘটনার বিস্তারিত রিপোর্ট চান কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ কর্তারা। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, দু’টি ক্ষেত্রেই চালকদের গাফিলতি ধরা পড়েছে। চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পার্ক স্ট্রিট ও ঠাকুরপুকুর থানার পুলিশ।

উল্লেখ্য, বছর দু’য়েক আগে বেহালা চৌরাস্তায় স্কুল যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক খুদে পড়ুয়ার। উত্তর কলকাতার কাশীপুরেও বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় এক ছাত্রীর। তারপর স্কুল-টাইমে পথ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে লালবাজার। কিন্তু, শনিবারের দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে সেই খামতি প্রশ্ন তুলে দিয়েছে অভিভাবকদের মনে। তাই এই দুই ঘটনার পর স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় আরও বেশি সতর্ক লালবাজার। শহরের বেশিরভাগ স্কুলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য নির্দেশ গিয়েছে ট্রাফিক গার্ডগুলিকে। কোনো স্কুলের বাইরে রাস্তায় পুলিশি নিরাপত্তা না থাকলে দ্রুত সেই ব্যবস্থা নিতে হবে স্থানীয় ট্রাফিক গার্ডকে। শুধু তাই নয়, স্কুলের সামনের রাস্তা ব্যস্ত হলে, সেখানে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্কুল শুরু ও ছুটির সময় ন্যূনতম একজন সার্জেন্ট পদমর্যাদার অফিসারকে মোতায়েন রাখতে হবে। সেই সময় কোনও বেপরোয়া চালক বা ট্রাফিক বিধি ভঙ্গকারীকে আটক করা হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে লালবাজার।

Advertisement
সম্পর্কিত সংবাদ