নাগোয়া: গতবারের এশিয়াডে পুরুষদের ব্যাডমিন্টনে রুপো পেয়েছিল ভারত। চলতি গেমসেও পদক নিশ্চিত করলেন লক্ষ্য সেনরা। মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে শক্তিশালী জাপানকে টেক্কা দিয়ে শেষ চারে পৌঁছাল ভারতীয় পুরুষ দল। তবে জাপানের কাছে পরাস্ত হয়েই পদকের দৌড় থেকে ছিটকে গেল পিভি সিন্ধু সমৃদ্ধ মহিলা দল।
এদিন প্রথম সিঙ্গলসে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন কোদাই নারাওকা। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে রয়েছেন তিনি। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে ১১-২১ ব্যবধানে পরাস্ত হন লক্ষ্য। দ্বিতীয় গেমেই দুরন্ত প্রত্যাবর্তন। ২১-৫ পয়েন্টে প্রতিপক্ষকে উড়িয়ে দেন ভারতীয় শাটলার। এরপর রুদ্ধশ্বাস তৃতীয় গেমে ২১-১৯ পয়েন্টে জয় হাসিল করেন লক্ষ্য। ১ ঘণ্টা ৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। লক্ষ্য সেনের জয় দলের মনোবল বাড়িয়েছিল অনেকটাই। এরপর ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি বশ মানান প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তাকুরো-উগো জুটিকে। তাঁদের পক্ষে এই ম্যাচের ফল ২১-১৮ ও ২৪-২২। তৃতীয় ম্যাচে আয়ুষ শেট্টি পরাস্ত করেন কোকি ওয়াতেনেবেকে। ২১-১০ ও ২১-১৯ পয়েন্টে জয়লাভ করেন তিনি। শেষ চারে চীন ও দক্ষিণ কোরিয়ার বিজয়ীর বিরুদ্ধে খেলবে ভারত। অন্যদিকে, মহিলাদের টিম ইভেন্টের সিঙ্গলসে জাপানের ইয়ামাগুচির বিপক্ষে লিড নিয়েও হার মানেন সিন্ধু। হায়দরাবাদের তরুণী প্রথম গেমে ২৩-১১ পয়েন্টে লিড নিয়েছিলেন। এরপর ১৮-২১ ও ১১-২১ পয়েন্টে ম্যাচ হারেন তিনি। উন্নতি হুডাও ব্যর্থ। কামব্যাকের জন্য ডাবলস জিততেই হত ভারতকে। তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ২১-১৭, ২১-১৬ পয়েন্টে হারিয়েও দেন ফুকুসিমা-মাৎসুমোতো জুটিকে। কিন্তু শেষরক্ষা হয়নি। তন্বী শর্মা ম্যাচ হারতেই পদক জয়ের আশা শেষ হয়ে যায়।
এদিকে, এশিয়ান গেমস জিমনাস্টিকসে নজর কাড়লেন প্রণতি নায়েক। আর্টিস্টিকস জিমনাস্টিকস ইভেন্টে ফাইনালে উঠেছেন তিনি। বৃহস্পতিবার পদকের লড়াইয়ে নামবেন বাঙালি জিমনাস্ট। পাশাপাশি পুরুষদের কবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৬৩-৩১ পয়েন্টে হারায় ভারত। যদিও সাঁতারের ফাইনালে হতাশ করল ভারতীয় দল। টেবিল টেনিসেও মহিলাদের টিম ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে হার মানলেন শ্রীজা আকুলারা। শেষ আটে তিনটি ম্যাচই জিতে নেয় কোরিয়া। তবে বাংলার মেয়ে সুতীর্থা, সিনড্রেলার বদলে দিয়া চিতলেকে খেলানোয় অনেকেই বিস্মিত।