ফের বিপাকে ‘দোস্তানা ২’। বলি পাড়ায় শোনা গিয়েছিল, ধর্মা প্রোডাকশনের এই ছবিতে কাজ করবেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি। সঙ্গে বিক্রান্ত ম্যাসি ও জাহ্নবী কাপুর। তবে এখন খবর, কাস্টিংয়ে বড়সড় পরিবর্তন এসেছে। লক্ষ্য আর এই ছবিটি করছেন না। তাহলে? ফের ছবির কাজ পিছচ্ছে। যদিও প্রযোজনা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘দোস্তানা ২’ অবশ্যই হবে। তবে নতুন কাস্টিং নিয়ে। এই ছবি নিয়ে পরিকল্পনা দীর্ঘদিনের। কার্তিক আরিয়ান একসময় ছবিটি ছেড়ে দেওয়ায় করণ জোহরের সঙ্গে তাঁর বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছিল। যদিও বরফ গলেছে। করণের প্রযোজনা সংস্থায় দীর্ঘদিন পর কাজ করছেন কার্তিক। তবে কি তিনিই ‘দোস্তানা ২’তেও ফের কাজ করবেন? লক্ষ্যে পরিবর্তে তিনি হচ্ছেন নায়ক? তা নিয়ে জল্পনা চলছে। বিক্রান্ত ও জাহ্নবীর কাস্টিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আচমকা কেন এই ছবিটি লক্ষ্য ছাড়লেন, তা স্পষ্ট নয়।



