তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বলিউডের যে কোনও থ্রিলার ছবিকে বলে বলে গোল দেবে শিলিগুড়িতে থাকা মহিলা চোরেদের গ্যাং। বিভিন্ন রাজ্য থেকে এসে শিলিগুড়ির আনাচে কানাচে খোলা মাঠে তাঁবু খাটিয়ে একেবারে গোবেচারা চেহারার এই মহিলারা যে কোনও সময় বেপরোয়াভাবে বাড়িতে ঢুকে চুরি করছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী। বুকে যেন কোনও ভয়ডর নেই। কোনওভাবে পুলিসের জালে ধরা পড়লেই এক ঘণ্টার মধ্যে তাদের ছাড়াতে থানায় হাজির হয় আইনজীবী। সম্পূর্ণ সংগঠিতভাবে বুক চিতিয়ে একের পর এক অপরাধ করে চলেছে শিলিগুড়ির মহিলা গ্যাং।
কোলে শিশু সঙ্গে নাবালক দেখলে যে কেউ ভাববে নিতান্ত ছাপোশা ঘর থেকে কাজের সন্ধানে বা ভিক্ষাবৃত্তি করতে এলাকায় এলাকায় ঘুরছে। কিন্তু এক লহমায় বাড়িতে ঢুকে রীতিমতো বেপরোয়াভাবে নগদ টাকা, সোনা দানা নিয়ে চম্পট দিচ্ছে এই দলের সদস্যরা। কোনওভাবে পুলিসের নজরে পড়ে গেলেও একত্রিতভাবে দলের সদস্যরা পুলিসকে বিভ্রান্ত করতে এগিয়ে আসে। তাও যদি দলের কোনও সদস্য ধরা পড়ে যায়, তাহলে কীভাবে বাঁচতে হবে তাও তাদের নখদর্পনে। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকাতেই গত কয়েক মাসে অন্ততপক্ষে ১০-১২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে এই দলের সদস্যরা। সম্প্রতি এক মহিলা সদস্যকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিস। তাকে হেফাজতে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করার চেষ্টা চলছে। তবে সংগঠিত সদস্যরা যেকোনও উপায়ে অভিযুক্তকে ছাড়াতে পিছপা হচ্ছে না। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। কোথায় কীভাবে সামগ্রী লুটপাট করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এলাকায় এলাকায় নাবালক এবং শিশুদের নিয়ে দিনের পর দিন রেইকি করে ওই মহিলারা। মধ্যপ্রদেশ, উত্তপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বাড়ি হলেও এরা বর্তমানে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে লোকচক্ষুর আড়ালে একসঙ্গে থাকে। সকাল হতেই একে একে আলাদা হয়ে এলাকায় কোথায় কোন বাড়িতে কত টাকা সামগ্রী থাকতে পারে তা বেশ কয়েকদিন ধরে যাচাই করে দেখতে থাকে তারা।
সুযোগ বুঝেই ছোবল দেয় এই গ্যাংয়ের সদস্যরা। সরস্বতী পুজোর সময় এনজেপি এলাকায় এক বাড়িতে ঢুকে দু’লক্ষ টাকার বেশি নগদ নিয়ে পালিয়েছিল এক মহিলা। এরপর আরও একটি বাড়িতে প্রায় ছ’লক্ষ টাকার সোনা ও নগদ নিয়ে পালিয়ে যায়। সম্প্রতি শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের শিবশক্তি কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে ঢুকে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালায় এক মহিলা। এরপরেই সে পুলিসের জালে ধরা পড়ে। তবে পুলিস তাকে ধরতে গিয়ে যথেষ্ট নাকানি চোবানি খায়। পুলিস এলাকার পৌঁছতে মহিলা দলের সদস্যরা আধিকারিকদের ঘিরে ফেলে। কোনও মতে অভিযুক্তকে ধরতে পারলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিস।