নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তনীর অর্থে ঢেলে সাজল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইউনিট অপারেশনস ল্যাবরেটরি। মার্কিন মুলুক নিবাসী শিল্পকর্তা সনৎ চট্টোপাধ্যায় ছিলেন এই বিভাগেরই প্রাক্তনী। পরিবর্তিত বিশ্বে আমূল পাল্টে গিয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটি। সেই অনুযায়ী প্রয়োজন আধুনিক ল্যাবরেটরির। নিজে এই ক্ষেত্রের মানুষ হওয়ায় সনৎবাবুও বিষয়টি অনুধাবন করেন। তাই শুধু আর্থিক অনুদান নয়, বিভিন্ন পরামর্শ দিয়েও সাহায্য করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে, শুধু এই ল্যাবের উন্নতিকরণেই থেমে থাকছে না তাঁর অবদান। পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে সুস্থায়ী উন্নয়নের লক্ষে আধুনিক গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতাবশত তাঁর নামেই রাখতে চলেছে সেন্টারটির নাম। সনৎ চট্টোপাধ্যায় রিসার্চ সেন্টার ফর সাস্টেইনেবল রিসার্চ (এসসিআরইএস) নামে কেন্দ্র থেকে একেবারে বাস্তবমুখী গবেষণা (ল্যাব টু ল্যান্ড) হবে। ভবিষ্যতে পিএইচডি ডিগ্রিও দিতে পারবে কেন্দ্রটি। অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন, জল সংরক্ষণ, পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা হবে এখানে। সনৎবাবুর দেওয়া এক কোটি টাকার সিংহভাগই ব্যবহৃত হয়েছে ল্যাবরেটরিতে। আর সেন্টারটির জন্য ২৫ লক্ষ টাকা সিড ফান্ড হিসেবে বরাদ্দ করা হয়েছে।



