Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলের প্রশ্নে ই-শ্রম পোর্টালের ‘আজব হিসেব’ শ্রমমন্ত্রীর

পরিযায়ী শ্রমিক নিয়ে নিত্যদিন অবিজেপি রাজ্যগুলিকে তুলোধনা করছে বিজেপি। কিন্তু দেশে মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত?

পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলের প্রশ্নে ই-শ্রম পোর্টালের ‘আজব হিসেব’ শ্রমমন্ত্রীর
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিক নিয়ে নিত্যদিন অবিজেপি রাজ্যগুলিকে তুলোধনা করছে বিজেপি। কিন্তু দেশে মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? ভিন রাজ্যে কাজ করতে গিয়ে গত পাঁচ বছরে কতজন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন? বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূলের এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেল কেন্দ্রের বিজেপি সরকার। পরিবর্তে দেওয়া হল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য চালু হওয়া ই-শ্রম পোর্টালের হিসেব। বলা হয়েছে, এই পরিসংখ্যানেই পরিযায়ী শ্রমিকদের খতিয়ানও অন্তর্ভুক্ত আছে!

Advertisement

এদিন রাজ্যসভায় কেন্দ্রকে এই বিষয়ে লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে ই-শ্রম পোর্টালের ওই পরিসংখ্যান পেশ করেন। তিনি জানান, এক রাজ্য থেকে অন্যত্র গিয়ে কাজ করা একটি চলমান প্রক্রিয়া। প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ আগস্ট অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তির লক্ষ্যে ই-শ্রম পোর্টাল চালু করে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ১৬ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ই-শ্রম পোর্টালে মোট ৩০ কোটি ৯৪ লক্ষ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করেছেন ২ কোটি ৬৪ লক্ষ ৭৬ হাজার ৮৫০ জন। 
এদিকে, রাজ্যসভায় বিজেপি সাংসদ অশোকরাও চ্যবনের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে ১০টি ইএসআই হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে। এর মধ্যে রয়েছে আসানসোলের ইএসআই হাসাপাতালও। পাশাপাশি, চার শ্রম কোড নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে শোভা করন্দলাজে জানিয়েছেন, দেশের ৩২ রাজ্য চার শ্রম কোড নিয়ে খসড়া নীতি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ এখনও তা প্রকাশ করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ