নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন আগে ক্যানিং হাসপাতাল পাড়া এলাকা থেকে কাশ্মীরের এক জঙ্গি ধরা পড়েছিল। এবার ক্যানিং থানা গ্রেপ্তার করল এক বাংলাদেশি যুবককে। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা থেকে হাবিবুল্লা গাজি নামে ওই যুবককে ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকায়। তার কাছ থেকে সাতটি ভারতীয় সিম কার্ড পাওয়া গিয়েছে। শুক্রবার হাবিবুল্লাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ধৃত বাংলাদেশি যুবক নদীপথে অবৈধভাবে ভারতে ঢুকে ক্যানিংয়ের বাদামতলা এলাকায় তিন মাস ধরে থাকছিল। বৃহস্পতিবার রাতে তাকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিস টিমের। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বললে থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে এক সময় সে স্বীকার করে, তিনমাস আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জ হয়ে ক্যানিংয়ে এসেছে সে।



