নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স এগজাম (মেইন)-এর প্রথম সেশনের পেপার ওয়ানের ফল প্রকাশ হল সোমবার। রাজ্য থেকে প্রথম হয়েছেন কুন্তল চৌধুরী। তাঁর এনটিএ স্কোর ৯৯.৯৯৮৪৯০৮। এনটিএ স্কোর ১০০ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী। তালিকায় প্রথমে রয়েছেন দিল্লির পড়ুয়া শ্রেয়াস মিশ্রা। তবে, এই ১২ জনের মধ্যে এ রাজ্যের কোনো পড়ুয়া নেই। চিরঞ্জীব কর নামে এক বাঙালি পরীক্ষার্থী ১০০ স্কোর করলেও তিনি রাজস্থান থেকে পরীক্ষা দিয়েছেন। ১০০ স্কোর পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে দুজন করে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ থেকে রয়েছেন। এমনকি, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাত থেকেও প্রার্থীরা এনটিএ ১০০-এর এলিট ক্লাবে নাম লিখিয়েছেন। এবছর পরীক্ষায় বসেছিলেন ১৩ লক্ষ ৪ হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন হরিয়ানার আশি গ্রেওয়াল। তাঁর এনটিএ স্কোর ৯৯.৯৯৬৯৭৬৬। আইআইটিগুলিতে বিই এবং বিটেক কোর্সে ভর্তির জন্য এই কেন্দ্রীয় পরীক্ষা হয়েছিল বাংলাসহ ১৩টি ভাষায়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই পরীক্ষার স্কোরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভরতি হওয়া যায়। পরীক্ষাটি পুরোপুরি কম্পিউটার ভিত্তিক। দেশের বাইরেও ১৫টি বড়ো শহরে পরীক্ষা কেন্দ্র ছিল।



