সংবাদদাতা, বনগাঁ: এক যুবককে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ এক নির্দল কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পূর্বপাড়া এলাকায়। পেশায় বাইক মেকানিক রাকেশ কর্মকারের অভিযোগ, দু’দিন আগে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তখন পথে বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলার চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির পাশে একজন পরিচিত গ্যারাজ মালিকের সঙ্গে তাঁর দেখা হয়। ওই গ্যারাজ মালিক তাঁকে বলেন, একটি বাইক একটু সারিয়ে দে তো। সেই বাইকটি সারাই করতে দিয়ে রাকেশ সেটির অ্যাক্সিলেটরে চাপ দেন। তাতে একটু জোরে শব্দ হয়। অভিযোগ, সেই শব্দ শুনে কাউন্সিলার চিরঞ্জিত বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। খুনের হুমকিও দেন। এমনকী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার বনগাঁ থানায় কাউন্সিলারের নামে অভিযোগ করেন রাকেশ কর্মকার। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জিত বিশ্বাস। তিনি বলেন, এই গ্যারাজে গভীর রাত পর্যন্ত মদের আসর বসে। গভীর রাতে এলাকায় বাইকবাহিনী তাণ্ডব চালায়। আমি এর প্রতিবাদ করেছি। কোনও মারধর কিংবা হুমকির ঘটনা ঘটেনি। পাশাপাশি তাঁর অভিযোগ, তিনি প্রতিবাদ করায় তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছেন কাউন্সিলার।



