নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাউন্সিলারদের ভাতা বৃদ্ধির দাবি উঠল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে। সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ১৩ নম্বর বরোর চেয়ারম্যান রত্না শূর এই আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ‘খরচ বেড়েছে। অনেক কাউন্সিলারের নিজস্ব ওয়ার্ড অফিস নেই। বিদ্যুৎ খরচ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে মাত্র ১০,০০০ টাকায় কিছু হয় না। এটাকে ১৫,০০০ টাকা করা হোক।’ তাঁর কথায় সমর্থন জানান শাসক এবং বিরোধী দলের কাউন্সিলাররা। উল্লেখ্য, কয়েক বছর আগে ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীনই কাউন্সিলারদের এই ভাতা ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছিল।



