Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

তিরন্দাজি ও গলফে ঐতিহাসিক সাফল্য কুমকুম এবং প্রণভির, আরও ৫টি সোনা, চতুর্থ স্থানে উঠল ভারত

শুক্রবার এশিয়ান গেমসে এসেছিল ৬টি সোনা। শনিবার ঝুলিতে আরও ৫টি। পরপর দু’দিনে ১১ সোনার দাপটে পদক তালিকায় চার নম্বরে উঠল ভারত।

তিরন্দাজি ও গলফে ঐতিহাসিক সাফল্য কুমকুম এবং প্রণভির, আরও ৫টি সোনা, চতুর্থ স্থানে উঠল ভারত
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: শুক্রবার এশিয়ান গেমসে এসেছিল ৬টি সোনা। শনিবার ঝুলিতে আরও ৫টি। পরপর দু’দিনে ১১ সোনার দাপটে পদক তালিকায় চার নম্বরে উঠল ভারত। ২১ সোনা, ২৭ রুপো, ৩৭ ব্রোঞ্জ মিলিয়ে মোট ৮৫টি পদক এসেছে এবার। গতবারের মতো ১০৬ পদকের ধারেকাছে যদিও যাওয়ার সম্ভাবনা নেই।

Advertisement

এদিন পুরুষদের ক্রিকেটে সোনা জেতেন শ্রেয়স আয়ার ব্রিগেড। পুরুষদের হকিতেও বাজিমাত হরমনপ্রীত সিং বাহিনীর। দলগত এই দুই ইভেন্টের পাশাপাশি সোনা আসে তিনটি ব্যক্তিগত ইভেন্টে। ভারতের প্রথম মহিলা তিরন্দাজ হিসাবে ব্যক্তিগত রিকার্ভে চ্যাম্পিয়ন হন কুমকুম মোহদ। ১৭ বছর বয়সি ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে ৬-৫ ব্যবধানে হারান। পাঁচ সেটের পর দু’জনেরই ছিল ৫ পয়েন্ট। মারাত্মক টেনশনের মধ্যে স্নায়ুর চাপ সামলে শ্যুট অফে সোনা নিশ্চিত করেন কুমকুম। তার আগে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালে কঠিন প্রতিপক্ষকে বশ মানিয়েছিলেন তিনি। এই দুই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন যথাক্রমে দক্ষিণ কোরিয়ার চেইয়ং কাং ও চীনের ঝু জিঙ্গি। উল্লেখ্য,  এবারই প্রথম এশিয়াডে নেমে মোট তাঁর সংগ্রহে দু’টি সোনা ও একটি রুপো। মহারাষ্ট্রের এই টিনএজার তিরন্দাজ ওলিম্পিকসের যোগ্যতাও অর্জন করেন।
মহিলাদের গলফে প্রনভি’র সোনা জয়ও ঐতিহাসিক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন মহীশূরের ২৩ বছর বয়সি। তাঁর স্কোর ১৫ আন্ডার ২৬৫ পয়েন্ট। সোনা জিতে তাঁর গলায় উচ্ছ্বাস, ‘বরাবরই প্রথম হতে ভালোবাসি। এরপরও অনেকে সাফল্য ঠিকই পাবেন। তবে প্রথমবার জয়ীর কৃতিত্ব কেউ কাড়তে পারবে না।’ গলফে মহিলাদের দলগত রুপো জেতার নেপথ্যেও বড়ো অবদান রাখেন প্রনভি। তাঁর সঙ্গে ছিলেন দীক্ষা ডাগর ও অদিতি অশোক। সোনা পায় চীন। তাদের থেকে ভারত আট শট পিছনে ছিল। 
কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে সোনা আনেন আমন সেহরাওয়াত। এর আগে এই ইভেন্টে ভারত কখনো সোনা পায়নি। ফাইনালে আমন ১০-৭ ব্যবধানে হারান উত্তর কোরিয়ার চং সং হানকে। উল্লেখ্য, হান এখন বিশ্বচ্যাম্পিয়ন। এবারের আসরে কুস্তিতে এর আগে এসেছিল একটা সোনা। যা আনেন সুজিত। ২০১৮ সালের পর এশিয়ান গেমসে কুস্তিতে দুটো সোনা পেল ভারত। মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে জাপানের মো মিয়োকার কাছে অন্তিম পাঙ্ঘাল না হারলে সোনার সংখ্যা আরও বাড়ত। অন্তিমের রুপোরে পাশাপাশি কুস্তিতে এসেছে একটি ব্রোঞ্জও। পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইলে যা আনেন দীপক পুনিয়া।
রবিবার এশিয়াডের শেষ দিনেও আরও পদকের আশায় ভারত। ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগিতায় নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ