Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

গুরপ্রীতের ভুলেই বিফলে গেল আনোয়ারদের লড়াই সাম্বা ম্যাজিকে বিধ্বস্ত ভারত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ। ফুটবল জীবনের স্মরণীয় দিন। শেষ বয়সে নাতি-নাতনিদের গর্বের সঙ্গে এই ম্যাচের গল্প বলতেই পারতেন ভারতীয় ফুটবলাররা।

গুরপ্রীতের ভুলেই বিফলে গেল আনোয়ারদের লড়াই সাম্বা ম্যাজিকে বিধ্বস্ত ভারত
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত-০               :       ব্রাজিল-৪

Advertisement

সঞ্জয় সরকার , কলকাতা: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ। ফুটবল জীবনের স্মরণীয় দিন। শেষ বয়সে নাতি-নাতনিদের গর্বের সঙ্গে এই ম্যাচের গল্প বলতেই পারতেন ভারতীয় ফুটবলাররা। তবে ৩ অক্টোবর, ২০২৬ দ্রুত ভুলতে চাইবেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর অমার্জিত জোড়া ভুলে বিফলে গেল মনবীর-আনোয়ারদের যাবতীয় লড়াই। শনিবার যুবভারতীতে খালিদ ব্রিগেডকে ৪ গোলের মালা পরাল ব্রাজিল। জোড়া লক্ষ্যভেদ স্যামুয়েল লিনোর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন এস্তেভাও এবং পেড্রো।  ব্রাজিলের কাছে হরের পরই শনিবারের যুবভারতীতে উঠল গুরপ্রীতের অবসরের জোরালো দাবি। কোচ খালিদের বোঝা উচিত, বুড়ো ঘোড়া দিয়ে আর যাই হোক, দৌড় জেতা যায় না! পাশাপাশি সাম্বা ম্যাজিকে মুগ্ধ যুবভারতীর গ্যালারি। আলাদা করে প্রশংসা করতে হবে এস্তেভাওয়ের। চোটের কারণে বিশ্বকাপ দলে ছিলেন না। তবে যুবভারতীতে রীতিমতো ফুল ফোটালেন তরুই উইঙ্গার।
পানামা ম্যাচের প্রথম একাদশে দু’টি পরিবর্তন এনেছিলেন খালিদ। অনিরুদ্ধ থাপা আর সাহালকে এনে মাঝমাঠ সংগঠনের উপর জোর দেন তিনি। ম্যাচের শুরুটা দেখে মোটেও মনে হয়নি এই ফল হবে। বল পজেশনে পিছিয়ে থাকলেও মনবীরদের প্রচেষ্টায় কোনো খামতি ছিল না। শুরুতে ভিনিসিয়াসও বারবার অফ-সাইডের ট্র্যাপে পড়লেন। পক্ষান্তরে, প্রতি-আক্রমণে বিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জের মুখে ফেলাই লক্ষ্য ছিল ভারতীয় অ্যাটাকারদের। তবে গুরপ্রীতের ভুলে যাবতীয় প্রয়াস বিশ বাঁও জলে। ২৮ মিনিটে বাঁ দিক থেকে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে গোলে শট নেন এস্তেভাও। প্রথম পোস্টে থাকা সত্ত্বেও সেই বল রুখতে ব্যর্থ ভারতীয় দুর্গপ্রহরী। তাঁর হাতে লেগে বল জাড়ে জড়ায় (১-০)। এরপর একতরফা আক্রমণে ওঠে ব্রাজিল। ৩৬ মিনিটে পেড্রোর হেড পোস্টে লাগে। তবে মিনিট ছয়েকের মধ্যে ফের একবার দলকে ডোবালেন পাঞ্জাব দুর্গপ্রহরী। এক্ষেত্রে এস্তেভাওয়ের পাস থেকে পেড্রোর শট রুখতে ব্যর্থ  গুরপ্রীত (২-০)। জাতীয় দল দু’গোলে পিছিয়ে পড়তেই গ্যালারিতে গোলরক্ষক পরিবর্তনের সুর চড়ে। কোচ খালিদও সময় নষ্ট না করে দ্বিতীয়ার্ধের শুরুতেই গুরপ্রীতের জায়গায় গিলকে নামান। পাশাপাশি আকাশ মিশ্র ও আশিক কুরুনিয়ানের জায়গায় আসেন জয় গুপ্তা এবং মহম্মদ সানান। অন্যদিকে, ব্রাজিল কোচ আনসেলোত্তিও আনেন পাঁচটি বদল। ভিনিসিয়াস জুনিয়র, ডানিলোদের তুলে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেন তিনি।
প্রথমার্ধের ব্যর্থতা ভুলে বিরতির পর ফের লড়াই চালান আনোয়াররা। তবে ফের নিজেদের ব্যর্থতায় গোল হজম করল ভারত। এবার খলনায়ক বিজয় ভার্গেস। ৫৮ মিনিটে তাঁর মিস পাস থেকে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন স্যামুয়েল লিনো (৩-০)। দল তিন গোলে লিড নিতেই গোলরক্ষক ছাড়া প্রথম একাদশের সব ফুটবলারদের তুলে নেন বুদ্ধিমান কোচ কার্লো আনসেলোত্তি। পক্ষান্তরে মনবীর সিং-রায়ান উইলিয়ামসরা গোলের জন্য লড়াই চালিয়ে যান। ৬৪ মিনিটে রায়ান উইলিয়ামসের শট মাউরো জুনিয়র গোললাইন সেভ না করলে ম্যাচে গোল পেতেই পারত ভারত। সংযোজিত সময়ে ব্রাজিলের চতুর্থ গোলটি লিনোর (৪-০)। এক্ষেত্রেও গোলরক্ষক প্রভসুখন সিং গিল দায় এড়াতে পারেন না। 
ভারত: গুরপ্রীত (গিল), অভিষেক (ভালপুইয়া), আনোয়ার (মেহতাব), বিজয় (পরমবীর), আকাশ (জয়), অনিরুদ্ধ (নিকসন), আপুইয়া (রহিম), মনবীর (বিক্রম), সাহাল (এডমুন্ড), আশিক  (সানান)ও রায়ান (ফারুখ)।
ব্রাজিল: মোরিসকো, ফ্যাঙ্কো (ভেন্ডারসন), মার্কুইনহোস (জাইর), ডিয়াজ (মাউরো), ডগলাস (গ্যাব্রিয়েল), আন্দ্রে স্যান্টোস (মার্তিনেল্লি), ডানিলো (গুইমারেস), বোন্তেম্পো (লুইজ), এস্তেভাও (ব্রেনো), ভিনিসিয়াস (স্যামুয়েল) ও পেড্রো (এনড্রিক)।

Advertisement
সম্পর্কিত সংবাদ