প্যারিস: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুবিধা সকলের, বিশেষ করে ‘তৃতীয় বিশ্বে’র দেশগুলির পাওয়া উচিত। এতে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে যেতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চাকরি হারানোর বিষয়টিও উদ্বেগজনক। মঙ্গলবার প্যারিসে গ্লোবাল এআই সামিটে এমনই মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমান জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও জানিয়েছেন তিনি। এদিন সামিটে মোদি বলেন, ‘আমাদের উচিত সম্পদ ও প্রতিভাকে এক জায়গায় নিয়ে এসে ওপেন সোর্স সিস্টেম তৈরি করা। এর ফলে একটি পক্ষপাতহীন, স্বচ্ছ উন্নত গুণমানের তথ্যভাণ্ডার গড়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক প্রযুক্তি হওয়া উচিত। এছাড়া সাইবার সুরক্ষা, ভুল তথ্য, ডিপ ফেকের মতো সমস্যাগুলি নিয়েও এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন।’
Advertisement
কৃত্রিম বুদ্ধিমত্তা এসে যাওয়ার ফলে বিভিন্ন পেশার মানুষের কর্মচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে কীভাবে এর মোকাবিলা করা যাবে, তার বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে যে, প্রযুক্তির জন্য কেউ কর্মহীন হয়নি। কাজের চরিত্র বদলেছে। নতুন ধরনের চাকরি সৃষ্টি হয়েছে।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও বেশি বিনিয়োগের ডাকও দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব হয়েছে। ভারত খুব কম খরচে ১৪০ কোটিরও বেশি মানুষের জন্য একটি ‘ডিজিটাল পাবলিক’ পরিকাঠামো তৈরি করতে পেরেছে। সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁও উপস্থিত ছিলেন।



