নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তোলা কোটি কাোটি টাকার অনুদান বিতর্কে এবার ডাক্তার নেতাদের তলব করল বিধাননগর কমিশনারেট। এই ইস্যুতে কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিস স্টেশনের তরফে আন্দোলনকারীদের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাত, ডাঃ অর্ণব মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার নেতাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিধাননগর পূর্ব থানাস্থিত গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে অনুরোধ করা হয়েছিল। আসতে না পারলে ভিডিও কনফরেন্সিং-এর মাধ্যমেও হাজিরা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, হাসপাতালে ডিউটি থাকায় একজন বাদে প্রত্যেকেই হাজিরার দিন পাল্টানোর জন্য অনুরোধ করেছেন। তদন্তে যাবতীয় সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন।
Advertisement
এদিকে ডাঃ মাহাত ভিডিও কনফারেন্সিং-এ অংশ নেন। প্রসঙ্গত, রাজু ঘোষ নামে জনৈক ব্যক্তি অভয়া আন্দোলনের তহবিল ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই এইসব চিঠি পাঠানো হয়েছে বলে কমিশনারেট সূত্রে দাবি করা হয়। যোগাযোগ করা হলে ডাঃ মাহাত বলেন, চিঠির বক্তব্য মতো ভিডিও কনফারেন্সিং-এ অংশ নিয়েছিলাম। গিয়ে জানতে পারলাম কী নিয়ে অভিযোগ। আমার যতটুকু তথ্য মনে আছে সবই জানিয়েছি।



