জয়পুর: রাজস্থানের কোচিং হাব কোটায় পড়ুয়াদের আত্মহত্যা অব্যাহত। চলতি বছরের শুরুতেই সংখ্যাটা ছয়ে পৌঁছে গেল। জানা গিয়েছে, বুধবার আরও দুই পড়ুয়া আত্মহত্যা করেছেন। তাঁরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের একজন আমেদাবাদ ও অন্যজন গুয়াহাটির বাসিন্দা। পুলিস সূত্রে খবর, আমেদাবাদের বাসিন্দা আসফা শেখ নামে এক পড়ুয়া জওহর নগরে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তিনি আত্মহত্যা করেন বলে অনুমান। তাঁর ঘরে কোনও সুইসাইড নোট পায়নি পুলিস। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। আসফার মৃত্যুর ঘণ্টা দু’য়েক পর অসমের এক পড়ুয়া আত্মহত্যা করেন। তিনি জেইই প্রস্তুতি নিচ্ছিলেন।



