নয়াদিল্লি: খানৌরি সীমান্তে অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের দ্রুত শারীরিক পরীক্ষা করাতে হবে। এর আগে চিকিৎসকদের নজরদারিতে প্রায় ১৬ বছর ধরে নিজের অনশন জারি রেখেছিলেন ইরম শর্মিলা চানু। তাহলে এখনও পর্যন্ত ৭০ বছর বয়সি এই কৃষক নেতার শারীরিক পরীক্ষা কেন করা হয়নি? বৃহস্পতিবার পাঞ্জাব সরকারকে এভাবেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানায়, কেউই কৃষক আন্দোলন বন্ধ করার বা তুলে নেওয়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করছে না। বিষয়টি হল দাল্লেওয়ালের মতো একজন জননেতার নিরাপত্তা। তাঁর শারীরিক অবস্থার প্রতিও নজর রাখতে হবে। একজন বৃদ্ধ ২৬ নভেম্বর থেকে অনশনে রয়েছেন। এপর্যন্ত কি তাঁর রক্তপরীক্ষা, ইসিজি ইত্যাদি করা হয়েছে? আন্দোলন চলুক। তবে সবার আগে তাঁর শারীরিক অবস্থার উপর নজর দিতে হবে পাঞ্জাব সরকারকে।



