Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কাসিমভদের অনুপস্থিতিতে চাপে মহমেডান স্পোর্টিং

কাসিমভদের অনুপস্থিতিতে চাপে মহমেডান স্পোর্টিং
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পাঁচ ম্যাচে চারটি হার। আইএসএলে ভালো শুরু করেও প্রবল চাপে মহমেডান স্পোর্টিং। সোমবার অ্যাওয়ে ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান কোচ। তবে পরিস্থিতি বেশ কঠিন। কার্ড সমস্যায় দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার কাসিমভ আর আলেক্সিসকে পাচ্ছেন না চেরনিশভ। চলতি মরশুমে সাদা-কালো ব্রিগেডের জোড়া ফুসফুস এই দুই বিদেশি। তাঁরা না থাকায় মাঝমাঠ সাজাতে মাথার ঘাম পায়ে ফেলছেন চেরনিশভ। ব্লকারের ভূমিকায় অনবদ্য কাসিমভ। পাশাপাশি বল ডিসট্রিবিউশনের দায়িত্বে থাকেন আলেক্সিস। তাঁদের ঘাটতি মেটানো বড় চ্যালেঞ্জ। মহম্মদ বা অমরজিৎ কতটা রুখতে পারবেন বিপক্ষের জাভিকে, ম্যাচের ভাগ্য তার উপর অনেকটাই নির্ভর করবে। পাশাপাশি স্টপার আদজাও অনিশ্চিত। ম্যাচের দিন সকালে তাঁর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ কোচ। তবে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের মন্তব্য, ‘ফুটবলাররা লড়তে তৈরি।’
Advertisement
এদিকে ঘরের মাঠে ম্যাচ জিততে মুখিয়ে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে তারা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মহমেডান স্পোর্টিং। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ