Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনাস্থলে বসবে পর্যাপ্ত আলো, ক্যামেরা

কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনাস্থলে বসবে পর্যাপ্ত আলো, ক্যামেরা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু, যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন পুলিস ও প্রশাসন। কারণ, সেখানে আলো ও নজরদারির অভাব রয়েছে। সেই ঘাটতি মেটাতে উদ্যোগী হল নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তথা এনকেডিএ কর্তৃপক্ষ। ওই অপরাধের ঘটনাস্থলে পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা বসানো হবে। সোমবার পুলিসকে সঙ্গে নিয়ে এনকেডিএ’র আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। আজ, মঙ্গলবার থেকেই আলো বসানোর কাজ শুরু হবে। তারপরই বসবে ক্যামেরা।
Advertisement
প্রসঙ্গত, নিউটাউনের লোহাপুল সংলগ্ন একটি কাঁটাতার ঘেরা জায়গা রয়েছে। ভিতরটি বেশ নির্জন। গত ৬ ফেব্রুয়ারি রাত ১০টার সময় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ১৪ বছরের এক কিশোরী। পরেরদিন সকালে নিউটাউনের লোহাপুলের ওই নির্জন এলাকায় কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ ও খুনের অভিযোগে শনিবার রাতে পুলিস সৌমিত্র রায় নামে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে। তারপরই সামনে এসেছে হাড়হিম করা অপরাধের নৃশংস কাহিনী।
স্থানীয়দের অভিযোগ, যে এলাকায় ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে, ওই এলাকাটি মদ্যপদের ডেরা। ছোট্ট একফালি জায়গা রয়েছে। সেখান থেকে সবাই ভিতরে ঢুকে নেশাভাং করে। দিনের বেলাতেই গা ছমছম করে। সন্ধ্যার পর জায়গাটি আরও নির্জন হয়ে যায়।ওই জায়গাটির নির্জনতার সুযোগ নিয়েই টোটো চালক এই অপরাধ ঘটিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের বিভিন্ন পয়েন্টে হাজারের বেশি সিসি ক্যামেরা আছে। বেশিরভাগ জায়গাতেই রয়েছে স্ট্রিটলাইট। আশপাশে থাকলেও, লোহাপুলের ওই নির্জন অংশটিতে আলোর ঘাটতি রয়েছে। সেই সঙ্গে পুরো এলাকাটি এইচডি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে।
এদিন পুলিস এবং এনকেডিএ’র আধিকারিক পুরো এলাকাটি ঘুরে দেখেন। কোথায় আলো বসবে, কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে, তার খসড়া তৈরি করা হয়েছে। এনকেডিএ’র এক আধিকারিক বলেন, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার থেকে আলো বসানোর কাজ শুরু হয়ে যাবে। তারপর সিসি ক্যামেরা বসবে। কারণ, সিসি ক্যামেরা বসাতে গেলে কেবল সংযোগ করতে হবে। তাতে কিছুটা সময় লাগবে। তবে, যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করা হবে। সেই সঙ্গে এই ধরনের কোনও এলাকা থাকলে, সেখানেও এই পদক্ষেপ গ্রহণ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ