Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাশ্মীরে গৃহবন্দি পিডিপি নেত্রী মেহবুবা, দাবি মেয়ে ইলতিজার

কাশ্মীরে গৃহবন্দি পিডিপি নেত্রী মেহবুবা, দাবি মেয়ে ইলতিজার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শ্রীনগর: পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেত্রী তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। শনিবার মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি এমনই দাবি করেছেন। ইলতিজা জানিয়েছেন, মায়ের সঙ্গে তাঁকেও গৃহবন্দি করা হয়েছে। 
Advertisement
এদিন সোপোর ও কাঠুয়ার ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মেহবুবা ও তাঁর মেয়ের। কিন্তু তার আগেই তাঁদের গৃহবন্দি করা হয় বলে দাবি ইলতিজার। এই ঘটনায় ক্ষোভ উগরে এই পিডিপি নেত্রী বলেছেন, ভোটের পরও কাশ্মীরে পরিস্থিতির কোনও বদল হয়নি। এখানে এখনও গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। 
বুধবার রাতে সোপোরের কাছে সেনার গুলিতে মৃত্যু হয় ওয়াসিম মজিদ মীর নামে এক ট্রাকচালকের। সেইসূত্রেই সোপোরে যাওয়ার কথা ছিল মেহবুবার। অন্যদিকে, কাঠুয়ায় আত্মঘাতী হয়েছেন এক বছর পঁচিশের উপজাতি যুবক। মৃত্যুর আগে মাখন দীন নামে ওই যুবক একটি ভিডিও রেকর্ড করে জানিয়েছিলেন, তিনি নির্দোষ। কিন্তু পুলিস তাঁকে হেপাজতে নিয়ে অকথ্য অত্যাচার করেছে। জোর করে তাঁকে দিয়ে জঙ্গিযোগের কথা স্বীকার করাতে চেয়েছে। এদিন কাঠুয়াতে সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল ইলতিজার। কিন্তু কাউকেই বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। পিডিপি নেত্রীর কথায়, জম্মু-কাশ্মীরে এখন কোনও মৃত বা ক্ষতিগ্রস্তের পরিবারকে সান্ত্বনা দেওয়াও অপরাধ।
Advertisement
সম্পর্কিত সংবাদ