গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। ব্যবসায়ী অ্যান্তনি থাত্তিলের সঙ্গে গত ১৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চারহাত এক হবে তাঁদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিনদিন। পেশা সূত্রে অ্যান্তনি দুবাইয়ে থাকেন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। শোনা যাচ্ছে, স্কুলে পড়াকালীন তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। সূত্রের খবর, থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন কীর্তির বিয়েতে। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে যাবেন বলে খবর। সদ্য ‘বেবি জন’-এ দেখা গিয়েছে কীর্তির অভিনয়। সেই সূত্রেই বরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে।



