নাম সংক্রান্ত সমস্যার জেরে পিছিয়ে যাচ্ছে ‘আশিকি ৩’ ছবির শ্যুটিং। দিন কয়েক আগে এই কারণেই এই ছবিটি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। এই আবহে শোনা যাচ্ছে সারা আলি খানের নাম। মুক্তির অপেক্ষায় সারা অভিনীত ‘স্কাই ফোর্স’। এই ছবিতে বীর পাহাড়িয়ার সঙ্গে অভিনয় করেছেন নায়িকা। সারা এবং বীরের প্রেম নিয়ে একসময় ইন্ডাস্ট্রিতে প্রচুর চর্চা হয়েছে। একাধিক সাক্ষাৎকারে সে বিষয়ে প্রশ্নও উঠেছে। কার্তিকের সঙ্গে সারা কাজ করলে, তা নিয়েও এই চর্চা হবেই। কারণ কার্তিক ও সারা একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। যদিও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। শোনা যাচ্ছে, ‘আশিকি ৩’ নাম ব্যবহার করবেন না অনুরাগ। অন্য কোনও নামে একটি রোমান্টিক ঘরানার ছবি তৈরি করবেন তিনি। নির্মাতারা কার্তিকের বিপরীতে সারাকেই চাইছেন। কারণ সদ্য ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অনুরাগের পরিচালনায় কাজ করলেন সারা। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের শেষেই কাস্টিং চূড়ান্ত হবে বলে খবর।



