Bartaman Logo
২৭ মে, ২০২৬

কর্ণাটকে এনকাউন্টারে হত ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী

কর্ণাটকে এনকাউন্টারে হত ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: দুই দশক ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিস।  মাথার দাম ছিল সাড়ে তিন লক্ষ টাকা। শেষপর্যন্ত সোমবার রাতে অ্যান্টি নক্সাল ফোর্সের (এএনএফ) সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা বিক্রম গৌড়ার। জানা গিয়েছে, কর্ণাটক পুলিসের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতে নাম ছিল বিক্রমের। এদিন রাজ্যের উদুপি জেলার ইদু গ্রামের কাবিনেল জঙ্গলের কাছে বিক্রম ও তাঁর দলের সঙ্গে এএনএফের গুলির লড়াই চলে। আর সেখানেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
দুই দশক ধরে একাধিক মাওবাদী কার্যকলাপের নেপথ্যে ছিলেন এই বিক্রম। তাঁর সন্ধানে উদুপির নানা জায়গায় তল্লাশি চললেও কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না। এনকাউন্টার প্রসঙ্গে এক পুলিস আধিকারিক জানান, গোপন সূত্রে ইদু গ্রামের কাছে পাঁচ মাওবাদীর উপস্থিতির খবর মেলে। জানা যায়, সোমবার রাতে দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য তারা ছদ্মবেশে গ্রামের মধ্যে প্রবেশ করেছিল। এরপরই সেখানে অভিযান চালানো হয়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাওবাদী নেতা বিক্রমের। তবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই ফেরার মাওবাদীদের সন্ধানে কারকালা ও হেবরি সংলগ্ন পশ্চিমঘাট এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 
কর্ণাটকের কাদাবা, সুল্লিয়া, চিক্কামাগালুরু সহ নানা এলাকায় দীর্ঘদিন ধরেই মাওবাদী কার্যকলাপের খবর মিলেছে। ইতিমধ্যেই নানা জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি মাওবাদীদের সন্ধানে জারি রয়েছে পুলিস ও এএনএফের অভিযান।
সম্পর্কিত সংবাদ