পুরস্কার সব সময়ই সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করে। করিনা কাপুর খান এখন সেই মুডে রয়েছেন। ওয়েব অরিজিনাল ফিল্ম বিভাগে হাতে এসেছে সেরা অভিনেতার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। সুজয় ঘোষের ‘জানে জান’ দর্শকের বড় অংশের প্রশংসা পেয়েছিল। এবার হাতে এল পুরস্কার। মুম্বইয়ে রবিবার রাতে ফিল্মফেয়ারের মঞ্চ দেখল অভিনব রিউইনিয়ন। ওই ছবির দুই অভিনেতা বিজয় বর্মা এবং জয়দীপ আহলওয়াতের সঙ্গে বহুদিন পর দেখা হল করিনার। গল্পে, গসিপে জমে উঠেছিল তিন তারকার আড্ডা। এই নিয়ে সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেই আনন্দ প্রকাশ করে লিখেছেন, আরও অনেক অ্যাওয়ার্ডের অপেক্ষায় রয়েছেন তিনি।



