Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

করিমপুরে শুরু হতে চলেছে ‘আহারে তেহট্ট’

করিমপুরে শুরু হতে চলেছে ‘আহারে তেহট্ট’
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: হাজারো স্বাদের খাবারের সম্ভার নিয়ে করিমপুরে শুরু হচ্ছে পঞ্চম বর্ষ খাদ্যমেলা ‘আহারে তেহট্ট’। চার দিনের এই মেলা আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি রবিবার। এখন জোরকদমে চলছে সেই মেলার প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে গত পাঁচ বছর আগে এই মেলা শুরু হয়েছিল। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি সুস্বাদু খাবার বিক্রি করেন। 
Advertisement
করিমপুরের জেলা পরিষদ সদস্য তরুণ সাহা জানান, করিমপুর কিষাণ মাণ্ডির মাঠে এবারের মেলায় ৪৮টি খাবারের স্টল থাকবে। অন্য বছরের মতো এবারেও মেলায় কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া, রানাঘাটের পানতুয়া কিংবা নবদ্বীপের ঝুড়ির দই ছাড়াও নদীয়া জেলার বিখ্যাত খাবার এখানে পাওয়া যাবে। পাশাপাশি যেমন পাওয়া যাবে বিভিন্ন ফাস্ট ফুড। এছাড়াও থাকছে জয়নগরের মোয়া, বহরমপুরের ছানাবড়া কিংবা বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। এই মেলার দিকে তাকিয়ে থাকেন তেহট্ট, করিমপুর সহ বিভিন্ন এলাকার মানুষ।
সাংসদ মহুয়া মৈত্র জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে হরেকরকম খাবারের স্টল থাকবে। খুব ন্যায্যমূল্যে সেই খাবার কিনে খাওয়ার সুযোগ পাবেন সকলে। খাবারের পাশাপাশি মেলার চারদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ও বাইরের নামকরা শিল্পীরা এই অনুষ্ঠানে গান গাইবেন।
 এব্যাপারে করিমপুর-১ ব্লক তৃণমূল যুব সভাপতি সৌমিক সরকার বলেন, বাঙালি খেতে ভালবাসে। মেলায় বিভিন্ন জায়গার বিখ্যাত খাবারগুলি  খাওয়ার সুযোগ পেয়ে সকলেই খুব খুশি হন।
Advertisement
সম্পর্কিত সংবাদ