কোচি (পিটিআই): কেরলের কালুরে একটি ইডলি কাফেতে কুকিং স্টিমার ফেটে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বিস্ফোরণের ঘটনায় পুড়ে গিয়ে জখম হয়েছেন ওই কাফের আরও তিন কর্মী। বৃহস্পতিবার পুলিস জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সুমিত। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। জখম তিন কর্মীর নাম আলি, লুলু ও কিরণ। তাঁদের অবস্থা গুরুতর। একটি বেসরকারি হাসপাতালে তিনজনের চিকিৎসা চলছে।
Advertisement
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, বিকেল ৪টে ২৩ মিনিটে তাঁদের কাছে বিস্ফোরণের খবর আসে। প্রথমে মনে করা হয়েছিল, কালুরের জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ওই কাফেটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, জল ফোটানোর জন্য ব্যবহৃত কুকিং স্টিমার ফেটে এই বিপত্তি। সুমিত নামে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় কাফেতে কিছু কাস্টমার ছিলেন। তবে তাঁদের কোনও আঘাত লাগেনি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।



