নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ম্যাকা দ্য কিং’। জেমি ম্যাকলারেনের ফিনিশ, প্রতিপক্ষ ভ্যানিশ। শনিবার সন্ধ্যায় কেরল ব্লাস্টার্সকে বশ মানিয়ে আইএসএলের লিগ-শিল্ড প্রায় নিশ্চিত করে ফেলল মোহন বাগান। তিন ম্যাচ আগেই বাগানে বসন্ত। আগামী ২৩ ফেব্রুয়ারি যুবভারতীতে ওড়িশা এফসি’কে হারালেই ভারতসেরা মোহন বাগান। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট মোহন বাগানের। কেরলের বিরুদ্ধে গোয়া (২২ ফেব্রুয়ারি) ড্র করলে কিংবা হারলে অপেক্ষা আরও কমবে। পালতোলা নৌকা তরতরিয়ে ছুটছে। আলমারি থেকে ঢাউস পতাকা বের করার অপেক্ষায় হাজার হাজার সমর্থক। বোঝাই যাচ্ছে, আগামী কয়েকদিন সবুজ আবিরের চাহিদা আকাশ স্পর্শ করবে।
Advertisement
চোটের কারণে নেই সাহাল, অনিরুদ্ধ থাপা, আশিস রাই। কার্ড সমস্যায় অনুপস্থিত স্টুয়ার্ট। এমন পরিস্থিতিতে মাঝমাঠের ভারসাম্য নষ্ট হতে বাধ্য। কোচিতে গুছিয়ে নিতে একটু সময় নিল মোহন বাগানও। সেই সুযোগে প্রথম ২৫ মিনিট ঝড় তোলে কেরল ব্লাস্টার্স। কঠিন পরিস্থিতিতে নিজেকে ছাপিয়ে গেলেন শুভাশিস। সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক। ম্যাচের ৯ মিনিটে কোরোর শট গোললাইন থেকে ফেরান বঙ্গসন্তান। দশ মিনিট পর আপুইয়ার মিসপাস ফাঁকায় পেয়েও উড়িয়ে দেন গিমিনেজ। আপুইয়া, টাংরি দখন দিশাহারা, কিছুতেই তাঁদের লুকিয়ে রাখা যাচ্ছে না। এরইমধ্যে ২৬ মিনিটে নিশ্চিত গোল বাঁচালেন বিশাল কাইথ। এক্ষেত্রে রেনথেলেইয়ের শট গোললাইন থেকে ফেরান সবুজ-মেরুন দুর্গপ্রহরী। আবারও দেখালেন তিনিই দেশের সেরা গোলরক্ষক। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রবল চাপ কাটিয়ে এরপর খোলস ছাড়ে মোহন বাগান। ম্যাকলারেনদের মিনিট কুড়ির স্পেলে চোখে সর্ষে ফুল প্রতিপক্ষের। ২৮ মিনিটে সন্দীপ সিং আর লুনার কভারিং ভেঙে ছিটকে বেরলেন লিস্টন। এরই অপেক্ষায় ছিলেন ম্যাকলারেন। অজি বিশ্বকাপারের শট আছড়ে পড়ে টপ নেটে (১-০)। গোলের পর ছক্কা হাঁকানোর ভঙ্গিতে উৎসব সারলেন মোহন বাগানের আদরের ম্যাকা। ৪০ মিনিটে তাঁর দ্বিতীয় গোল চলতি আইএসএলের অন্যতম সেরা। ছবির মতো মুভমেন্ট। বিশাল কাইথের লম্বা ভলি আপুইয়ার মাথা ছুঁয়ে আসে কামিংসের পায়ে। ছোট্ট ওভারহেড লবে টেলিপ্যাথির ছোঁয়া। স্রেফ বেলচা দিয়ে তোলার মতো বল ভাসিয়ে দেন কামিংস। বিপদ বুঝে কয়েক পা এগিয়ে এসেছিলেন কেরল গোলরক্ষক শচীন। চলতি বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ছোট্ট চাঁটায় জালে পাঠান ম্যাকলারেন (২-০)। এই ফুটেজ খুদে ফুটবলাদের বারবার দেখানো উচিত। এই গোলেই গোটা মরশুমের পয়সা উসুল। নীট ফল প্রধমার্ধে ৬৩ শতাংশ বলের দখল রেখেও ০-২ গোলে পিছিয়ে কেরল ব্লাস্টার্স। পেফরা আর ম্যাকলারেনে পার্থক্য তো থাকবেই।
বিরতির পর ফের কিছুটা চাপ বাড়ায় কেরল। কিন্তু মোহন বাগান দুর্গে দাঁত ফোটানো সম্ভব হয়নি। উল্টে ৬৬ মিনিটে ব্যবধান বাড়ায় মোলিনা ব্রিগেড। এক্ষেত্রে কামিংসের ফ্রি-কিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় বিপক্ষ রক্ষণ। হাফ টার্নে বাঁ পায়ের শটে জাল কাঁপান আলবার্তো (৩-০)। চলতি মরশুমে স্প্যানিশ ডিফেন্ডারের পঞ্চম লক্ষ্যভেদ। অন্য দলের স্ট্রাইকাররা গোলের সামনে মাথা খুঁড়ছেন। আর মোলিনার বাগানে ডিফেন্ডাররা জাল কাঁপিয়েই চলেছেন। নিখুঁত স্পটিং আর রিক্রুটের জন্য ধন্যবাদ পাওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। টানা ৯ ম্যাচে অপরাজিত কামিংসরা। প্রায় একপেশে আইএসএলে সবুজ-মেরুন ব্রিগডকে থামায় সাধ্য কার? খারাপ দিনেও তিন গোলে জয়। একদিকে মোহন বাগান, বাকিরা অন্যদিকে।
মোহন বাগান: বিশাল, দীপ্যেন্দু, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, আপুইয়া, টাংরি (অভিষেক), লিস্টন (সুহেল), মনবীর (আশিক), কামিংস (পেত্রাতোস) ও ম্যাকেলারেন।
কেরল ব্লাস্টার্স- ০ : মোহন বাগান- ৩
(ম্যাকলারেন-২ ও আলবার্তো)