নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ওয়ার্ড ডিলিমিটেশনের খসড়া নিয়ে নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন-অভিযোগের শুনানি শেষ হয়েছে। এবার প্রস্তাবিত ওয়ার্ড বিন্যাসের মানচিত্র তৈরির কাজে হাত দিল পুর কর্তৃপক্ষ। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডের নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ মানচিত্র তৈরি করা হবে।
কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশের পর মোট ২৮৫টি নাগরিক আবেদন এসেছিল। পুরসভা সূত্রে খবর, তার মধ্যে ২০৭টি আবেদনের শুনানি হয়েছে। বাকিদের ফোনে পাওয়া যায়নি কিংবা ফোন করে জানানো হলেও তাঁরা শুনানিতে উপস্থিত হননি। শুনানির যাবতীয় কাগজপত্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিলিমিটেশনের পরবর্তী প্রক্রিয়া এখন দপ্তরের হাতে। এক পুরকর্তা বলেন, ‘এতদিন শুধু প্রতিটি ওয়ার্ডের সীমানা নির্ধারক ম্যাপ ছিল। অর্থাৎ ওয়ার্ডভিত্তিক উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের সীমানা চিহ্নিত করা ছিল। এবার ওয়ার্ডের অভ্যন্তরীণ মানচিত্র প্রস্তুত করা হবে। কোথায় কোন রাস্তা, কোন এলাকা রয়েছে কোন ওয়ার্ডে—সবটা রেখে ওয়ার্ডভিত্তিক আলাদা আলাদা মানচিত্র বানানো শুরু হয়েছে।’ আধিকারিকরা জানাচ্ছেন, আপাতত খসড়া ধরেই ওয়ার্ডের ম্যাপ তৈরি হবে। পরে যদি পুনর্বিন্যাসের চুড়ান্ত তালিকায় সামান্য কিছু বদল হয়, পরে তা ‘আপডেট’ করে দেওয়া হবে। তবে তেমন বড়োসড়ো বদলের সম্ভাবনা নেই। ২০৯টি ওয়ার্ডেরই ম্যাপ বানিয়ে রাখা হচ্ছে। আপাতত তা প্রকাশ্যে আনা হবে না। পরে ওয়ার্ড ডিলিমিটেশন চূড়ান্ত হলে এই মানচিত্র জনসমক্ষে আনা হতে পারে। তবে সেটাও দপ্তরের অনুমোদন সাপেক্ষ।