নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের ঘরোয়া লিগে এখনও অপরাজিত ইস্ট বেঙ্গল। কিন্তু লাল-হলুদ ব্রিগেড ও খেতাবের মাঝে ফারাক অনেকটাই। আসলে আইএফএ’র নিয়ম অনুযায়ী গ্রুপ লিগের পয়েন্ট চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ক্যারি ফরোয়ার্ড হচ্ছে না। তাই সুপার সিক্সের প্রথম দু’টি ম্যাচ ড্র করে প্রবল চাপে মনোতোষ, তন্ময়রা। এমন পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের সামনে কোল ইন্ডিয়া। বড়ো ব্যবধানে জয়ের পাশাপাশি অন্যান্য ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। বারাসতে মিনি ডার্বির ফয়সালা হয়ে গেলে আশার শেষ প্রদীপও নিভে যাবে লাল-হলুদ ব্রিগেডের। তবে মোহন বাগান-মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ ড্র হলে এবং ইউনাইটেড স্পোর্টসের কাছে ভবানীপুর পয়েন্ট খোয়ালে খেতাব জয়ের সুযোগ থাকবে ইস্ট বেঙ্গলের সামনে। তবে কোচ অর্চিষ্মান বিশ্বাস এই জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাতে নারাজ। দ্রুত গোল তুলে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
এদিন প্রবল বৃষ্টির মধ্যেও ঘরের মাঠে প্রস্তুতি সারল লাল-হলুদ ব্রিগেড। অফিস ফুটবল ও চোট সমস্যায় অঙ্কন, চাকু, মনোতোষদের পাচ্ছে না ইস্ট বেঙ্গল। তবে আক্রমণাত্মক ফুটবল ছাড়া উপায় নেই। মশাল বাহিনীর বড়ো ভরসা দুই গতিশীল উইং হাফ আকাশ হেমব্রম ও বিজয় মুর্মু। বৃষ্টিভেজা ভারী মাঠে উইং থেকেই ঝড় তুলতে চায় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। প্রতিপক্ষ কোল ইন্ডিয়া কতটা শক্তিশালী? মোহন বাগান ও ভবানীপুরের বিরুদ্ধে ৮ গোল হজম করেছে তারা। শেষ ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে রক্ষণ মজবুত রাখাই চ্যালেঞ্জ। অন্যদিকে, ঘরোয়া লিগের অন্যতম দাবিদার ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টস। সুপার সিক্সে একটি ম্যাচে জয়ের সুবাদে ভবানীপুরের পয়েন্ট ৩। বারাকপুর স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে রঞ্জন চৌধুরির দলের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে খেতাব জয়ের দৌড়ে তারাও রয়েছে।
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সরাসরি সম্প্রচার নাম্বার
টেন স্পোর্টস অ্যাপে।